মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুম্বাই কোচের মন জয় করলেন মুস্তাফিজ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) ১১তম আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে মাঠে নামবেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে এপ্রিলের প্রথম সপ্তাহে। তার আগেই মুম্বাইয়ের কোচ অনিল কুম্বলের মন জয় করে নিলেন এই বাংলাদেশি তারকা।

আইপিএলের গত দুই আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজ। তবে এবার তাকে পালে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই দলটির পেস বিভাগে মুস্তাফিজের সঙ্গে আছেন ভারতীয় পেসার জাসপ্রিট বোমরাহ এবং অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স।

নিজেদের দল বিষয়ক এক আলোচনা সভায় নতুন সদস্য মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন মুম্বাইয়ের কোচ অনিল কুম্বল। তিনি বলেন, ‘অভিষেক আসরে সানরাইজার্সের হয়ে মুস্তাফিজ দারুণ খেলেছিলেন। সেই আসরে দলটির শিরোপা জিততে তার অনেক ভূমিকা ছিল। আমি আশা করছি, এবার মুম্বাইয়ের মূল শক্তি হবে পেস বোলিং। এখানেও মুস্তাফিজ ভালো কিছু করে দেখাবেন।’

উল্লেখ্য, আইপিএলের এবারের আসরে বাংলাদেশ থেকে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান অংশগ্রহন করবেন। সাকিব আল হাসান  খেলবেন তার নতুন দল সানরাইজার্স হায়দ্রারাবাদের হয়ে। দুই কোটি রুপিতে বিশ্বের সেরা এই অলরাউন্ডারকে কিনে নিয়েছে দলটি। অন্যদিকে, মুস্তাফিজকে খেলাতে মুম্বাই ইন্ডিয়ান্সকে গুণতে হচ্ছে দুই কোটি বিশ লাখ রুপি।

পূর্বাশানিউজ/০৫ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি