
পূর্বাশা ডেস্ক:
পুরো রাজধানী জুড়ে চলছে বিভিন্ন চৌকিতে দফায় দফায় তল্লাশি। শুধুমাত্র খালেদা জিয়ার রায়কে ঘিরে যেকোনও ধরনের নাশকতা এড়াতে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ঢাকা শহরকে। পথে পথে তল্লাশিতে বিরক্ত জনগণ। রাজধানীমুখী যাত্রীরা ‘কৃত্রিম যানজটে’ আটকে চরম ভোগান্তি পোহাচ্ছেন বলে অভিযোগ করছেন।
এ প্রসঙ্গে সাভার থেকে ঢাকাগামী হ্যাপী আক্তার নামে এক যাত্রী এ প্রতিবেদককে বলেন, আমরা রাজনীতি বুঝি না তবে আজকের তল্লাশির কারণে সৃষ্ট যানজটে আমাদের মতো সাধারণ যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ যাত্রী আরো বলেন, মানুষ প্রয়োজন না হলে ঘর থেকে বের হচ্ছে না। আমরা জরুরি প্রয়োজনেই ঢাকায় নিজ কর্মস্থলে যাচ্ছি। পুলিশের তল্লাশিতে রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় সময় মতো অফিসে যেতে পারছি না।

মানিকগঞ্জ থেকে ঢাকার এক হাসপাতালমুখী যাত্রী শামছুন্নাহার মাহমুদা বলেন, ‘অসুস্থতার জন্য নিয়মিত চেক আপ করাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম কিন্তু যেভাবে পুলিশ দফায় দফায় গাড়ি থামিয়ে চেক করছে তাতে খুব অস্বস্তি বোধ করছি। আর পুরো রোড ফাঁকা কিন্তু চেকের জন্য কৃত্রিম যানজট সৃষ্টি হয়েছে বলেই মনে হচ্ছে।’
মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে ঢাকা-মাওয়া মহাসড়কে ঢাকাগামী পরিবহন এবং গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা।
গতকাল মঙ্গলবার গভীর রাত থেকেই এসব পথ দিয়ে যেন দেশের অন্যান্য স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা রাজধানীতে প্রবেশ করতে না পারে, সে জন্য চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।

ঢাকা-মাওয়া বাস পরিবহন মালিক-শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি আলী আকবর বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যেই যাত্রী ও যানবাহন নিয়ে ঢাকার উদ্দেশে বাসগুলো চলাচল করছে। আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি মহাসড়কে থাকলেও যাত্রীরা সাধুবাদ জানিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার অন্যান্য দিনের মতোই সবকিছু স্বাভাবিক গতিতেই চলবে। যানবাহন ও যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।’

র্যাব-১১ মুন্সীগঞ্জের কোম্পানি কমান্ডার ও সহকারী পরিচালক মো. নাহিদ হাসান জনি জানান, এরই মধ্যে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মহাসড়কে মোটরসাইকেল ও গাড়িতে করে টহল চালিয়ে যাওয়া হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে আজ বুধবার থেকে আগামী তিনদিন পুলিশের পাশাপাশি মাঠে থাকবে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সারাদেশে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। বুধ, বৃহস্পতি ও শুক্র— এই তিনদিনকে বিশেষ ব্যবস্থার আওতায় নিয়েছে রাষ্ট্রের অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। তাদের সঙ্গে সক্রিয় থাকবে গোয়েন্দারাও।
আবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা, বিশৃঙ্খলা ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সূত্র জানায়, নাশকতা হতে পারে এমন সম্ভাব্য স্পটগুলোতে আগে থেকেই পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা উপস্থিত থাকবেন। তারা গোয়েন্দা তথ্য অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। চেকপোস্টগুলোতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। বিগত কয়েকদিনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য সিনিয়র নেতাকর্মীদের বক্তব্যে রায়কে ঘিরে বিএনপির কোনও ধরনের সহিংস কর্মসূচির আভাস পাওয়া যায়নি।
তবু রায়ের পর তাৎক্ষণিক যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় এই তিনদিনকে বিশেষ ব্যবস্থার আওতায় আনা হয়েছে, বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এ কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী সবগুলো রাষ্ট্র্রীয় সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। রাজধানী ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
এরইমধ্যে মঙ্গলবার রাত থেকে রাজধানীর প্রতিটি প্রবেশমুখে বাড়ানো হয়েছে নিরাপত্তা। যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি। মেট্রোপলিটন এলাকার বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। সেখানেও রয়েছে কড়াকড়ি। নগরীতে বাড়তি নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এছাড়া চেকপোস্ট বসানোর পাশাপাশি টহলও জোরদার করেছে র্যাব। সারা শহরে সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করেছে সংস্থাটি। সচিবালয়ের চারপাশের পর্যবেক্ষণ টাওয়ারগুলোকেও আধুনিক করা হয়েছে। গত ২/৩ দিন ধরে সেখানে নিয়মিত দায়িত্ব পালন করছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
প্রসঙ্গত, খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের দিন ঢাকার রাস্তায় দাঁড়িয়ে বা বসে কোনও ধরনের মিছিল করা যাবে না বলে ৬ ফেব্রয়ারি ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। রাজধানীতে সব ধরনের লাঠি, ছুরি, চাকু বা ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ডিএমপি কমিশনারের দেওয়া ওই ঘোষণায় বলা হয়, ‘বিচারাধীন একটি মামলার রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগরীতে কোনও ব্যক্তি বা গোষ্ঠী অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জন নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নের অপপ্রয়াস চালাতে পারে মর্মে বিভিন্ন গোয়েন্দা তথ্য, ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার সূত্রে জানা যায়। তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৮ ফেব্রুয়ারি ২০১৮ (বৃহস্পতিবার) সকাল চারটা (ভোর রাত) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।’
পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনও মূল্যে নিয়ন্ত্রণে রাখতে নির্দেশ দিয়েছেন আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল ৪টায় পুলিশ সদর দফতর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব রেঞ্জ ডিআইজি ও কমিশনারদের এ নির্দেশ দেন তিনি।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য রেঞ্জ ডিআইজি ও কমিশনারদের সঙ্গে আইজিপির একটি ভিডিও কনফারেন্স হয়েছে। সারাদেশে পুলিশের কী প্রস্তুতি রয়েছে, আরও কী পদক্ষেপ নিতে হবে, সেসব বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও ৮ ফেব্রুয়ারি দেশে কোনও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের যা যা করার তাই করবে। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় পরবর্তী বাংলাদেশ ভালো থাকবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, ‘রায় ঘোষণাকে কেন্দ্র করে কেউ নৈরাজ্য ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে তা দমন করবে।’






















































