বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজশাহীতে প্রশ্নপত্রসহ পরীক্ষার্থীর মা আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০২.২০১৮

ডেস্ক রিপোর্ট :

রাজশাহীতে শনিবার সকালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) গণিত পরীক্ষার প্রশ্নপত্রসহ এক পরীক্ষার্থীর মাকে আটক করে থানায় দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে রাজশাহীর পিএন সরকারি গার্লস স্কুলে। জানা গেছে, ওই নারীকে অন্য পরীক্ষার্থীর অভিভাবকরা আটক করেন।

এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে এক নারী রাজশাহী পিএন সরকারি গার্লস স্কুলের পাশে গিয়ে বসেন। এক পর্যায়ে ওই নারী মোবাইল ফোনে এসএসসি গণিত পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে সেগুলোর উত্তর কাগজে লিখচ্ছিলেন। এ সময় অন্য অভিভাবকরা ওই নারীর কাছে বিষয়টি জানতে চাইলে কৌশলে সেখান থেকে সরে পড়ার চেষ্টা করেন ওই নারী। পরে অভিভাবকরা ওই নারীকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

বিষয়টি নিশ্চিত করে মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পিএন স্কুলে আসা অভিভাবকরা এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে। তবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। পরীক্ষার প্রশ্নপত্র পেলে তার সঙ্গে মিলিয়ে দেখা হবে।

এর পরই বিষয়টি নিয়ে সঠিক করে কিছু বলা যাবে। এর আগে তার নাম-পরিচয়ও বলা যাবে না বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পূর্বাশানিউজ/১০ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি