শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রশ্নপত্র কেন্দ্রের বাইরে সরবরাহে শিক্ষক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০২.২০১৮

dav

পূর্বাশা ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে পরীক্ষা শুরুর পর প্রশ্নপত্র কেন্দ্রের বাইরে সরবরাহ করার সময় এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।

আটক প্রধান শিক্ষক আমজাদ হোসেন (৪৫) শ্রীপুর পৌর এলাকার বেরাইদের চালা গ্রামের সুলতান উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় আলহাজ ধনাইবেপারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শনিবার সকাল সাড়ে দশটার দিকে শ্রীপুর-১৪৮ মাওনা কেন্দ্রের পিয়ার আলী কলেজ থেকে তাকে আটক করা হয়।

দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব শাহজাহান সিরাজ ঢাকাটাইমসকে জানান, এই কেন্দ্রের মাওনা উচ্চবিদ্যালয় ও পিয়ার আলী কলেজ ভেন্যুতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। শনিবার ৬৭৭ জন শিক্ষার্থীর গণিত বিষয়ের পরীক্ষা ছিল। আর অভিযুক্ত শিক্ষক আমজাদ হোসেন এই কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব হিসেবে কর্মরত ছিলেন।

সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর প্রশ্নপত্র বিতরণ করার পর আমজাদ হোসেন সকাল সাড়ে দশটার দিকে অতিরিক্ত প্রশ্নপত্র থেকে একটি প্রশ্নপত্র কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তাকে আটক করে।

মাওনা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান ঢাকাটাইমসকে জানান, অভিযুক্ত শিক্ষক আমজাদ হোসেন প্রশ্নপত্র বাইরে নেয়ার অভিযোগে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এসময় তাকে পরীক্ষা গ্রহণের সবধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ঢাকাটাইমসকে জানান, এ বিষয়ে অভিযুক্ত শিক্ষককে শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্বাশানিউজ/১০ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি