
ডেস্ক রিপোর্ট:
চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে গাজীপুর, সিলেট ও খুলনা এবং অক্টোবরে রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনের মেয়াদ শেষ হচ্ছে। সেই হিসেবে, জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। বিধান অনুযায়ী প্রথম সভা থেকে শুরু হয় করপোরেশনের মেয়াদ গণনা। আর ৫ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৬ মাসের মধ্যে করতে হয় নির্বাচন।
একাদশ সংসদ নির্বাচনের ঠিক ৬ মাস আগে হচ্ছে ৫ সিটি করপোরেশনের ভোট। জুন-জুলাইয়ের মধ্যে হবে ৫ সিটির নির্বাচন। এ ভোটের জন্য নির্বাচনী সামগ্রী প্রস্তুত ও ভোটার তালিকার সিডি তৈরির কাজ শুরু করেছে নির্বাচন কমিশন।
৫ জানুয়ারির নির্বাচনের ৬ মাস আগে ২০১৩ সালের ১৫ই জুন একযোগে হয়েছিল রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। এর ২০ দিন পর হয়েছিল গাজীপুর সিটি নির্বাচন। সংসদ নির্বাচনের আগমুহূর্তে ওই নির্বাচনে সবগুলোতেই জেতে বিএনপি সমর্থিত প্রার্থীরা।
একাদশ সংসদ নির্বাচনের বছরেই, আবারো হচ্ছে সেই ৫ সিটির ভোট। রাজনৈতিক দলগুলোর মধ্যে এবার এখনও সিটি নির্বাচন নিয়ে তেমন আলোচনা না থাকলেও বসে নেই নির্বাচন কমিশন।
সিটি নির্বাচনের সিল-প্যাড তৈরির দরপত্র আহ্বান করা হয়েছে এরইমধ্যে। এসব নির্বাচনে সীমিত পরিসরে ইভিএম ব্যবহারের প্রস্তুতিও নিচ্ছে কমিশন।
তবে গতবার ৪ সিটিতে একই দিনে ভোট হলেও আয়োজনের সুবিধার্থে এবার একাধিক দিনে ভোট করার কথা ভাবছে নির্বাচন কমিশন। আর এবারই প্রথমবারের মতো এসব সিটিতে রাজনৈতিক দলের প্রতীকে হবে মেয়র পদে নির্বাচন।























































