
ডেস্ক রিপোর্ট :
বিশেষ নিরাপত্তা বাহিনী এসপিবিএনের এক সদস্যের মিস ফায়ারিংয়ে আব্দুর রহিম নামে অপর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
দায়িত্ব হস্তান্তরের সময় রোববার রাত তিনটার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানের লেকপাড়ে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে গুলিবিদ্ধ আব্দুর রহিমকে ভোররাতে মহাখালি বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এসপিবিএন কর্তৃপক্ষ জানায়, মাঝরাতের শিফট পরিবর্তন করে যখন অস্ত্র আব্দুর রহিমকে বুঝিয়ে দিচ্ছিলেন অপর এসপিবিএন সদস্য, তখন অনিচ্ছাকৃত ট্রিগারে বুকে গুলিবিদ্ধ হন আব্দুর রহিম। এসময় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়।
বুকের ভিতর থেকে গুলি বের করতে না পারায় তার অবস্থার অবনতি হলে ভোররাতেই আব্দুর রহিমকে নিয়ে যাওয়া হয় বক্ষব্যাধী হাসপাতালে। বিষয়টি তদন্তের জন্য এসপিবিএন একটি তদন্ত কমিটি করেছে।
এসপিবিএন-এর পুলিশ সুপার সেলিম খান বলেন, একটা অস্ত্র, সেটা মেকসেফ করার সময় একটা গুলি অ্যাক্সিডেন্টালি বের হয়ে গেছে। গুলিটা লেগেছে তার কলারবোনের ঠিক নিচে। ঢাকা মেডিকেলে দেখানো হয়েছে, এখানে ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তারা বক্ষব্যধীতে রেফার্ড করেছেন।























































