
পূর্বাশা ডেস্ক:
দুদক কোনো সরকারের হয়ে কাজ করে না। এ প্রতিষ্ঠান জনগণের, আপনাদের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার ‘সনাক-স্বজন, ইয়েস ইয়েস ফ্রেন্ডস, ওয়াইপ্যাক জাতীয় সম্মেলন-২০১৮’ অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ এসব কথা বলেন।
তিনি বলেন, দুদকের একার পক্ষে দুর্নীতি দূর করা সম্ভব নয়। আমি চাই আপনারা সবাই একসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সমালোচনা করুন। সত্য বলতে হবে, সত্য কী? সত্য হলো দেশে সুশাসনের অভাব রয়েছে। দুর্নীতি সুশাসনের অন্তরায়। আমরা যদি একতাবদ্ধ হয়ে কথা বলতে না পারি তাহলে দুর্নীতি দূর করা সম্ভব নয়।
ইকবাল মাহমুদ বলেন, নতুন প্রজন্ম দুর্নীতিকে ঘৃণা করে। আমি বিশ্বাস করি দুদক যদি এসব সামাজিক সংগঠনের সঙ্গে কাজ করে, তাহলে অনেকাংশেই দুর্নীতি বন্ধ করা সম্ভব। আপনারা আমাদের (দুদক) কাজের সমালোচনা করবেন। সমালোচনা না করলে আমরা বুঝতে পারব না আমাদের ভুল কোথায়।
তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি, কমিশনের শক্তি হলো নতুন প্রজন্ম। আপনারাই (নতুন প্রজন্ম) পারেন এ দেশের দুর্নীতি বন্ধ করতে। আমরা বিদেশ থেকে আসিনি, আমরা এ দেশের সন্তান।
দুদক চেয়াম্যান টিআইবির প্রতিবেদন সম্পর্কে বলেন, টিআইবি গত দুই বছরে যে রিপোর্ট দিয়েছে আমরা কমিশন থেকে কোনো কথা বলিনি। কারণ, বলার মতো কিছু ছিল না। টিআইবির কোনো সমালোচনায় আমি কখনো বিব্রত হইনি। আমি চাই আপনারা সবাই সমালোচনা করবেন।
দুদক চেয়ারম্যান বলেন, শুধু টিআইবি নয়, অন্যান্য সামাজিক সংগঠনগুলোও সমালোচনা করুক। সমালোচনা না করলে বুঝতে পারব না। সমালোচনাই হচ্ছে আমাদের এগিয়ে চলার পাথেয়। আমি চাই আপনারা সবাই একসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সমালোচনা করুন। কমিশনের একার সে ক্ষমতা নেই, জনবলও নেই।






















































