
ডেস্ক রিপোর্ট :
রাজশাহীতে নবগঠিত ৮ থানার কার্যক্রম শুরু হয়েছে। এজন্য রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নবগঠিত আট থানায় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়ন হয়েছে।
একইসঙ্গে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে এসব থানার কার্যক্রম।
এর আগে বুধবার দুপুরে নগর পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ওসিদের পদায়ন দিয়েছেন কমিশনার মাহাবুবর রহমান। এ সময় নগর পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি নগরীর মাদরাসা মাঠে অন্যান্য উন্নয়ন প্রকল্পের সঙ্গে নবগঠিত এ আট থানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন থানাগুলো হলো-পবা, কর্নহার, কাশিয়াডাঙ্গা, বেলপুকুর, কাটাখালি, এয়ারপোর্ট, চন্দ্রিমা ও দামকুড়া।
নবগঠিত কাটাখালী থানায় পুলিশ পরিদর্শক মেহেদী হাসান রন্টু, চন্দ্রিমা থানায় পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির, পবা থানায় পুলিশ পরিদর্শক এসএম মাসুদ পারভেজ, কাশিয়াডাঙ্গা থানায় পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম ওসি হিসেবে পদায়ন পেয়েছেন।
এছাড়া পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন পেয়েছেন দামকুড়া থানায় পুলিশ পরিদর্শক মো. আব্দুল লতিফ শাহ, বেলপুকুর থানায় পুলিশ পরিদর্শক কবিরুল ইসলাম, কর্নহার পুলিশ পরিদর্শক ইমাম জাফর এবং এয়ারপোর্ট থানায় পুলিশ পরিদর্শক রাজিবুল ইসলাম। একই আদেশে নগরীর মতিহার থানায় ওসি হিসেবে শাহাদাত হোসেন খানকেও পদায়ন করা হয়।
নগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, নবগঠিত আট থানায় ওসি পদায়ন দেয়া হয়েছে। এর মধ্যে চারটি থানায় আপাতত ওসির দায়িত্ব পালন করবেন পরিদর্শক (তদন্ত)। এরই মধ্যে থানাগুলোতে পর্যাপ্ত জনবল গিয়ে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল থেকেই ওই ৮ থানার কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, সদর দপ্তর, দুটি অপরাধ বিভাগ, সিটি স্পেশাল ব্রাঞ্চ এবং পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগ নিয়ে কাজ করছে আরএমপি। এখন আরএমপির রয়েছে ১২টি ফাঁড়ি ও তিনটি পুলিশ বক্স। নতুন থানাগুলোর কার্যক্রম শুরুর পর পুলিশ ফাঁড়ি ও বক্সগুলো যে মৌজায় পড়বে সে থানার আওতায় পরিচালিত হবে। নতুন মামলা হবে নতুন থানায়। আর পুরনোগুলোর ঘটনাস্থলের মৌজা দেখে দেখে ধীরে ধীরে নতুন থানায় পাঠানো হবে।
এদিকে, নবগঠিত আট থানায় ও এবং ডিউটি অফিসারদের মোবাইল নম্বর বরাদ্দ দিয়েছে নগর পুলিশ। নগরীল চন্দ্রিমা থানায় ওসি-০১৭৬৯৬৯২৯১৬, ডিউটি অফিসার-০১৭৬৯৬৯২৯১৯, কাশিয়াডাঙ্গা থানায় ওসি-০১৭৬৯৬৯২৯২০, ডিউটি অফিসার-০১৭৬৯৬৯২৯২৩, পবা থানায় ওসি-০১৭৬৯৬৯২৯২৪, ডিউটি অফিসার-০১৭৬৯৬৯২৯২৭, দামকুড়া থানায় ওসি-০১৭৬৯৬৯২৯২৮, ডিউটি অফিসার-০১৭৬৯৬৯২৯৩১, কর্নহার থানায় ওসি-০১৭৬৯৬৯২৯৩২, ডিউটি অফিসার-০১৭৬৯৬৯২৯৩৫, কাটাখালী থানায় ওসি-০১৭৬৯৬৯২৯৩৬, ডিউটি অফিসার-০১৭৬৯৬৯২৯৩৯, বেলপুকুর থানায় ওসি-০১৭৬৯৬৯২৯৪০, ডিউটি অফিসার-০১৭৬৯৬৯২৯৪৩, এয়ারপোর্ট থানায় ওসি-০১৭৬৯৬৯২৯৪৪, ডিউটি অফিসার-০১৭৬৯৬৯২৯৪৭।
জানা গেছে, রাজপাড়া, বোয়ালিয়া, শাহমখদুম ও মতিহার থানা নিয়ে ১৯৯২ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয় আরএমপি। এখন আরএমপির আয়তন ২০৩ বর্গ কিলোমিটার। পুনঃগঠন প্রক্রিয়ায় জেলার পবা থানা চলে এসেছে আরএমপি। এ নিয়ে আরএমপির থানার সংখ্যা দাঁড়ালো ১২টি। প্রায় চারগুণ বেড়ে নগর পুলিশের পরিধি ৯০০ বর্গ কিলোমিটার।
প্রতিষ্ঠার পর আরএমপি রাজপাড়া ও মতিহার জোনে পরিচালিত হয়েছে। পুনঃগঠন প্রক্রিয়ায় রাজপাড়া জোন ভেঙে বোয়ালিয়া ও কাশিয়াডাঙ্গা জোন গঠন করা হয়েছে।
এছাড়া মতিহার ভেঙে গঠন করা হয়েছে মতিহার ও শাহমখদুম জোন। চার জোনে চারজন উপ-কমিশনার দায়িত্বে থাকছেন। নতুন জোনের কার্যক্রমও শুরু হচ্ছে একইসঙ্গে।
আরএমপি কমিশনার মাহাবুবর রহমান বলেন, চার থানাকে পুরো শহর সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়। প্রয়োজনের তাগিদেই নতুন থানা গঠন করা হয়েছে। এর মাধ্যমে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি হবে। জনগণ দ্রুত আইনি সেবা পাবেন।






















































