
ডেস্ক রিপোর্ট :
নারায়ণগঞ্জের আড়াইহাজরে এক স্কুল ছাত্রকে অমানবিকভাবে পিটিয়ে আহত করেছে মুসা মিয়া নামে এক শিক্ষক।
আহত ওই ছাত্রের নাম ফয়সাল।সে উপজেলার জাঙ্গালিয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
শিক্ষার্থীর মা নার্গিস জানান, ফয়সাল সোমবার বিদ্যালয়ে টিফিনের বিরতির পর অসুস্থতার কারণে বাড়িতে ফিরে আসে। আর স্কুলে যায়নি। পরের দিন মঙ্গলবার স্কুলে উপস্থিত হলে বিকেলে ইংরেজি শিক্ষক মুসা মিয়া তাকে বেত দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় সেবা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল হক জানান, শিক্ষার্থী ফয়সালকে পেটানোর ঘটনাটি অমানবিক। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীর অভিভাবকদের সাথে বসে মিমাংসা করার কথা রয়েছে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব জানান, এ ব্যাপারে আমার কিছুই জানা নেই। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।























































