
ডেস্ক রিপোর্ট :
৯৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এবং নৌকার পক্ষে ভোট চাইতে শনিবার খুলনা সফরে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
পাঁচ বছর পর এ সফরে তিনি খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ আয়োজনে বিশাল জনসভায় ভাষণ দেবেন। খুলনা সার্কিট হাউস মাঠে এই জনসভা হবে। প্রধানমন্ত্রী এ সফরে খুলনাবাসীর জন্য ৯৯টি প্রকল্পের মধ্যে ৪৭টির উদ্বোধন ও ৫২টির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে গত কয়েকদিন ধরে খুলনা ও আশপাশের জেলাগুলোর আলাদা আলাদা প্রস্তুতি সভা করছে আওয়ামী লীগসহ এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা। খুলনা শহর ও আশপাশের জেলাগুলোয় মাইকিং করা হচ্ছে।
শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৫৮তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে আইইবি খুলনা কেন্দ্রে যোগ দেবেন শেখ হাসিনা। পরে বিকাল ৩টায় জনসভায় যোগ দেবেন তিনি।
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বলেন, ‘এখন পর্যন্ত খুলনায় যত জনসভা, জনসমাগম হয়েছে, এই জনসভা সব রেকর্ড ভাঙবে। খুলনা সার্কিট হাউজ মাঠে প্রায় ১০ লাখ লোকের সমাগম হবে।’
সভাস্থলের বাইরেও যাতে শহরবাসী প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি দেখতে পারেন এ জন্য বিভিন্ন সড়কে, মোড়ে মোড়ে, পাড়ায়-মহল্লায়, বিভিন্ন অফিস ও লোকসমাগমের স্থানে অসংখ্য এলইডি টিভি বসানো হয়েছে। এ ছাড়া প্রচুরসংখ্যক মাইক লাগানো হয়েছে।























































