শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাকিস্তানে নিষিদ্ধ আনুশকার ‘পরী’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০১৮

 

ডেস্ক রিপোর্ট :

নারীদের অত্যন্ত গোপন বিষয়কে প্রকাশ্যে এনে সামাজিক ট্যাবু ভেঙে দেওয়ার চেষ্টা করেছে ‘প্যাড ম্যান’। যে কারণে অক্ষয় কুমারের ছবিটি নিষিদ্ধ করেছিল পাকিস্তান। এবার একই সমস্যায় পড়ল আনুশকা শার্মার সদ্য মুক্তি পাওয়া পরী। ভূতুড়ে এ ছবি প্রদর্শনও নিষিদ্ধ করা হল পাকিস্তানে।

স্ত্রী আনুশকার অমন ভয়ঙ্কর চেহারা দেখে আতঙ্কে ফ্যাকাসে হয়ে গেছে বিরাট কোহলির মুখ। ভয়ের আমেজে ভরপুর পরী, মুক্তির পরই সিনেপ্রেমীদের মন কেড়েছে। তবে পাকিস্তান এ ছবি প্রদর্শনে নারাজ।

কিন্তু কেন? পাকিস্তান সেন্সর বোর্ডের অভিযোগ, ছবিতে কালো-যাদুর ব্যবহার দেখানো হয়েছে। সেই সঙ্গে ইসলাম বিরোধী কার্যকলাপ দেখিয়ে মুসলিম ভাবাবেগে আঘাত করেছে এই ছবি। শুধু তাই নয়, ছবিতে অত্যন্ত আপত্তিকরভাবে মুসলিম ধর্মগ্রন্থ কোরআনে উল্লিখিত শব্দের ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ। আর সেই কারণেই ছবিটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় সেন্সর বোর্ড।

পাকিস্তান সেন্সর বোর্ড সূত্রে খবর, ছবিতে কালো-যাদুর ব্যবহার দেখানো হয়েছে যা ইসলাম বিরোধী। ছবির চিত্রনাট্য, সংলাপ ও কাহিনী সবই মুসলিম ন্যায়-নীতির বিরোধী। কারণ ‘পরী’র সাথে এই ধর্মের ভাবাবেগ, চিন্তাধারা সবই বিপরীতধর্মী। তাই ‘পরী’ ছবিটি পাকিস্তানের সাধারণ মানুষকে ধর্মের বিরুদ্ধে চালনা করবে। কালা জাদুতে উদ্বুদ্ধ করবে।

আর তেমনটা যাতে না হয়, সেই কারণেই ছবিটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত। পাকিস্তান ফিল্ম ডিসট্রিবিউটর সংস্থার চেয়ারম্যান এজাস কামরাও সেন্সর বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত। তিনি বলেন, যে ছবি আমাদের দেশের সংস্কৃতি ও ইসলাম ঐতিহ্যের বিরোধী, তা ব্যান করাই উচিত।

কিন্তু ইতিমধ্যেই ছবিটির টিকিট বিক্রি হয়েছে। নিউপ্লেক্স সিনেমার পক্ষ থেকে জানানো হয়েছে, যারা টিকিট কেটে ফেলেছেন, তাঁদের অর্থ ফেরত দিয়ে দেওয়া হবে। সেন্সর বোর্ডের সঙ্গে সুর মিলিয়েছেন পাকিস্তানি পরিচালক সৈয়দ নূর।

বলছেন, ‘প্যাড ম্যান, পদ্মাবত-এর মতো ছবি মুসলিম ভাবাবেগকে আঘাত করেছে। ‘পরী’ও তার ব্যতিক্রম নয়। এ ধরনের ছবি কোনওভাবেই পাকিস্তানে মুক্তি পাওয়া উচিত নয়।

অর্থাৎ মুসলিম সংস্কৃতি রক্ষা করতে পরী দেখার থেকেও এবার বঞ্চিত হচ্ছেন পাকিস্তানের সিনেপ্রেমীরা।

পূর্বাশানিউজ/ ০৩ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি