শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৪ মাস পরেও উদ্ধার হয়নি অপহৃত ৯ম শ্রেণির ছাত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০১৮

 

ডেস্ক রিপোর্ট :

ময়মনসিংহ সদর উপজেলার চূরখাই সানরাইজ আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্রী জেনিয়া জ্যোতিকে (১৪)কে জোরপূর্বক অপহরণের ৪ মাস ৯ দিন পেরিয়ে গেলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ অবস্থায় অপহৃতার পরিবার উদ্বেগ-উৎকণ্ঠা আর হতাশায় মাঝে দিন পার করছে।

অপহৃতা জেনিয়ার পরিবার সূত্র জানায়, সদর উপজেলার চূরখাই সানরাইজ আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্রী জেনিয়াকে গত বছরের ২৫ অক্টোবর জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নিয়ে যায় প্রভাবশালী মেহেদী হাসান।

পরে এ ঘটনায় গত বছরের ২৯ অক্টোবর ময়মনসিংহের নারী শিশু নির্যাতন দমন আদালতে জেনিয়ার বাবা মোজাম্মেল হোসেন সবুজ মামলা দায়ের করলে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। কিন্তু দীর্ঘ সময়েও জেনিয়া উদ্ধার না হওয়ায় চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি পুনঃরায় আদালতের কাছে উদ্ধারের প্রার্থনা করলে আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন।

এদিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ ব্যাপারে আদালতের নির্দেশনা পাওয়ার পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান।

অপরদিকে অসহায় অপহৃতার বাবা মোজাম্মেল হোসেন সবুজ জানান, ঘটনার পর চার মাস নয় দিন পেরিয়ে গেলেও আমার মেয়েকে উদ্ধার তো দূরে থাক কোনো সন্ধানও দিতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মেয়েটি জীবিত না মৃত তাও জানতে পারছি না। এ অবস্থায় বাধ্য হয়ে গত ২৭ ফেব্রুয়ারি র‌্যাব-১৪ বরাবরে আমার অপহৃত মেয়ে উদ্ধারের জন্য আবেদন জানিয়েছি।

র‌্যাব-১৪ এর অপরারেশন অফিসার এসএম হাফিজুল ইসলাম বাবুল এ বিষয়ে জানান, অভিযোগ পেয়েছি। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

পূর্বাশানিউজ/ ০৩ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি