
পূর্বাশা ডেস্ক:
সুস্থ ও স্বাভাবিক আছেন জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
বাংলাদেশ আর্মড ফোর্সেস-এর চিফ কার্ডিয়াক সার্জন অ্যান্ড কনসালটেন্ট সার্জন জেনারেল মেজর জেনারেল মুন্সি মো. মজিবুর রহমান সিএমএইচের অ্যাডমিশন ব্লকের তৃতীয় তলায় রোববার সকাল ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
মজিবুর রহমান বলেন, জাফর ইকবাল সজ্ঞান, সচেতন ও আশঙ্কামুক্ত রয়েছেন। এছাড়া সংক্রমণ এড়াতে সিএমএইচে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। রোববার সকাল ৯টায় চিকিৎসকেরা তাকে দেখতে গিয়েছিলেন। তিনি সুস্থ আছেন, তার মানসিক অবস্থা ভালো এবং স্বাভাবিক কথাবার্তা বলছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ড. জাফর ইকবালের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ট্রিপল-ই বিভাগের একটি অনুষ্ঠানে জাফর ইকবালকে অজ্ঞাত এক ব্যক্তি ছুরিকাঘাত করে। তখন বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ট্রিপল-ই বিভাগের একটি অনুষ্ঠান চলছিল। অধ্যাপক ড. জাফর ইকবাল ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন।
মঞ্চে বসা অবস্থায় ভিড়ের মধ্যে একজন তাকে ছুরিকাঘাত করে। ঘটনার পর আহত অবস্থায় জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে অস্ত্রোপচার করা হয় তার। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে জাফর ইকবালের অস্ত্রোপচার শেষ করা হলে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়।























































