রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » যতই আঘাত আসুক, আমার পরিবার পৃথিবীকে বদলে দেবেই: নুহাশ হুমায়ুন


যতই আঘাত আসুক, আমার পরিবার পৃথিবীকে বদলে দেবেই: নুহাশ হুমায়ুন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

প্রয়াত প্রবাদপ্রতীম কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের বড় ছেলে এবং অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ভাতিজা নুহাশ হুমায়ুন। গত শনিবার রাতে স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে সোচ্চার শিক্ষাবিদ জাফর ইকবালের কণ্ঠ থামিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল অন্ধকারের শক্তি। তবে সুখের বিষয় হলো, জনপ্রিয় এই লেখক এখন শংকামুক্ত। এমন পরিস্থিতিতে চুপ থাকেননি নুহাশ। সোশ্যাল সাইট ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে জানিয়েছেন তীব্র প্রতিবাদ।

এই তরুণ নাটক ও চলচ্চিত্র নির্মাতা ইংরেজিতে নিজের ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, যতই আঘাত আসুক না কেন, তার পরিবার পৃথিবীকে বদলে দেওয়ার কাজটি করে যাবে। নুহাশ লিখেছেন, ‘ এমনটা যে কারও সাথেই হতে পারে। হঠাৎ খবর পেতে পারেন আপনার পরিচিত কেউ অসুস্থ, তাকে দেখতে হাসপাতালে ছুটে যেতে হবে। সাধারণত, কারও হার্ট অ্যাটাক বা স্ট্রোকের এমন খবর আমরা পাই। কিন্তু, আজ ব্যাপারটা ব্যতিক্রম। আমার পরিবারের একজনের ওপর আজ হামলা হয়েছে।’ 

‘এই হামলার খবর মিডিয়া সরাসরি সম্প্রচার করছে। হলিউডের অ্যাকশন চলচ্চিত্রের মতো করে সেই হামলার বর্ণনা দিচ্ছে। মানুষের নানা মন্তব্য, প্রার্থনায় ভরে যাচ্ছে আমার ফেসবুকের পাতা। দেখুন, আমি শুধু চাই এই দেশে আমার চারপাশের মানুষ নিরাপদ থাকুক। কিন্তু বাস্তবে সেটা অসম্ভব!’

‘আমার কোনো রাজনৈতিক আদর্শ নেই। এটা আমার পরিবার। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমার পরিবারের সবাই অসম্ভব মানসিক শক্তির অধিকারী এবং প্রাণবন্ত। আমাদের ভাগ্যে আর কী কী ঘটবে সেটা নিয়ে আমরা চিন্তিত না। তবে এটা সত্য যে, যতই আঘাত আসুক, যতই প্রাণ সংশয় হোক, আমার পরিবার বিশ্বকে বদলে দেওয়ার কাজ করেই যাবে।’

পূর্বাশানিউজ/ ০৪ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি