
পূর্বাশা ডেস্ক:
অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করা যুবক ফয়জুল ইসলামের বাবা ও মাকে আটক করেছে পুলিশ। সিলেট মহানগরের মদিনা মার্কেট এলাকা থেকে রোববার (৪ মার্চ) রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।
জালালাবাদ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) প্রত্যুষ কুমার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ড. জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল ইসলামের বাবা হাফেজ আতিকুর রহমান ওরফে কুরশ এবং মা মিনারা বেগমকে আটক করা হয়েছে। পরে তাদের জালালাবাদ থানায় আনা হয়।
তবে কীভাবে তাদের আটক করা হয়েছে, তা জানাননি এএসআই প্রত্যুষ কুমার।
উল্লেখ্য, গতকাল শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অধ্যাপক ড. জাফর ইকবালের মাথার পেছনে ছুরিকাঘাত করেন ফয়জুল ইসলাম নামের এক যুবক।
পরে উপস্থিত শিক্ষার্থীরা তাকে ধরে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ এ ঘটনায় দায়ের মামলায় ফয়জুল ইসলামকে গ্রেফতার করে চিকিৎসার ব্যবস্থা করেছে।
আর অধ্যাপক জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
এদিকে, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস জানান, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল গণিকে। কমিটির অন্য দুই সদস্য হলেন- রসায়ন বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শহিদুর রহমান।
এছাড়া অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই কনস্টেবলকে রোববার রাতে প্রত্যাহার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ আবদুল ওয়াহাব জানিয়েছেন, হামলার সময় সেখানে দায়িত্বে থাকা দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তদন্তে তাদের দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।






















































