
পূর্বাশা ডেস্ক:
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগারে ঢোকার অনুমতি না পাননি বিএনপিপন্থী ১২ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল।
সোমবার বেলা ১২টার দিকে চিকিৎসকরা কারাফটকের সামনে যান। পরে তারা দেড়টার পরে ফিরে আসেন।
চিকিৎসক দলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের মোট ১২ জন চিকিৎসক ছিলেন।

চিকিৎসক দলের নেতৃত্বে ছিলেন বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি ‘বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা দেখার জন্য আমরা তার সঙ্গে সাক্ষাত করতে গিয়েছিলাম। কিন্তু আমরা অনুমতি পাইনি। পরে আমরা চলে আসছি।’
তিনি আরও বলেন, ‘গত ২৬দিন ধরে বেগম খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে বন্দি করে রাখা হয়েছে। এই সময়ের মধ্যে তাকে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা দেওয়া হয়েছে কি-না তা আমরা জানি না। তিনি আগে থেকেই অসুস্থ। আমরা তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করার জন্য এসেছিলাম।’
রফিকুল ইসলাম বলেন, ‘শুধু আমরা নই, খালেদা জিয়া ও তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে সমগ্র জাতি আজ উদ্বিগ্ন। আজকে যারা এখানে এসেছিলাম তাদের অনেকে চেয়ারপারসনের চিকিৎসায় নিয়োজিত ছিলেন।’
ডা. রফিক বলেন, ‘আমরা আইজি প্রিজনের কাছে অনুমতির জন্য গিয়েছিলাম। কিন্তু আমাদের বলা হয়েছে জেল সুপারের কাছ থেকে অনুমতি নেয়ার জন্য। তিনি কেরানীগঞ্জে বসেন। তিনি কখন ঢাকায় আসেন তাও নির্দিষ্ট করে বলতে পারেনি। তাই আমরা চলে এসেছি।’
চিকিৎসক প্রতিনিধি দলে আরও ছিলেন অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন আহম্মেদ, অধ্যাপক ডা. এস এম এ রায়হান, অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন, অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস প্রমুখ।






















































