মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

হোক প্রস্তুতি ম্যাচ, জয় তো জয়ই। অধরা সেই জয় ধরা দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। নিদাহাস ট্রফির প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একাদশকে ৪১ রানে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ঘরের মাঠে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা ছয় ম্যাচ জয়হীন ছিল লাল সবুজের দল। মূল লড়াইয়ে মাঠে নামার আগে টাইগারদের উজ্জীবিত করবে এই জয়।

মঙ্গলবার (৬ মার্চ) কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টস না করেই আগে ব্যাটিং করার সুযোগ পায় বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ বলেই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের সংগ্রহ পায় সফরকারিরা। মুশফিকুর রহীম সর্বোচ্চ ৬৫ রান করেন। অধিনায়ক মাহমুদউল্লাহ ৪৩ ও লিটন দাস করেন ৪০ রান

এদিন ইনিংস উদ্বোধন করতে নেমে ভাল খেলেছেন লিটন দাস। কিন্তু সৌম্য সরকার ও সাব্বির রহমান। প্রথম বল মোকাবেলা করতে গিয়ে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান সৌম্য। এরপর ব্যার্থতা অব্যাহত রাখেন সাব্বিরও। মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এরপর ওপেনার লিটন দাসকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলান মুশফিকুর রহীম। ব্যক্তিগত ৪০ রান করে লিটন ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন মুশফিক। এই অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহর সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন। আউট হওয়ার আগে ছয় চার আর তিন ছক্কায় ৪৪ বলে ৬৫ রান করেন মুশফিক। অধিনায়ক মাহমুদউল্লাহ দুই চার ও তিন ছক্কায় করেন ৪৩ রান।

শেষ দিকে নুরুল হাসান সোহানের ৯ বলের অপরাজিত ১২ রানের সাথে আরিফুল হকের ১২ বলের ১৫ রানে ১৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ। শ্রীলঙ্কার পক্ষে ফার্নান্দো দুটি, ড্যানিয়েলস ও থিকশালা একটি করে উইকেট নেন।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভারে ১৪৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একাদশ। লঙ্কান দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন নিরোশান ডিকভেলা। ১৯ রান আসে লাহিরু মিলান্থার ব্যাট থেকে। এ ছাড়া ধনঞ্জয়া ডি সিলভা ১৪ ও লক্ষ্মণ সানদাকান ১৩ আর অ্যাঞ্জেলো পেরেরা করেন ২২ রান।

বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন ও তাসকিন আহমেদ শিকার করেন দুটি করে উইকেট। এছাড়া মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন অপু, আবু হায়দার রনি ও সৌম্য সরকার একটি করে উইকেট নিয়েছেন।

পূর্বাশানিউজ/ ০৬ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি