বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঐশ্বরিয়াকে নকল করে নাচলেন কোহলি!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

দক্ষিণ আফ্রিকা সফর শেষে ছুটি কাটাচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সতীর্থরা যখন ৬ মার্চ থেকে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে খেলায় মন দিতে ব্যস্ত তখন ফূর্তিতে ব্যস্ত ভারতীয় ক্রিকেটের রাজা বিরাট। কখনও মুম্বাইয়ে পার্লারে গিয়ে কাঁধে ট্যাটু করাচ্ছেন। আবার কখনও স্ত্রী আনুশকা শর্মাকে বিমানবন্দরে রিসিভ করতে যাচ্ছেন। গাড়ির ভিতরেই স্ত্রীকে গভীর আবেগে আলিঙ্গনও করেছেন। সেই ছবিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।

এবার বন্ধুর বিয়ের পার্টিতে ভাংড়ার ছন্দে ‘কাজরা রে’ গানের তালে পা মেলালেন দিল্লির রাজপুত্র। সেই ছবিও মুহূর্তেই ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। এরই মধ্যে কোহলির নাচ সবার মন কেড়েছে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ড্যান্স ফ্লোরে একাই বাজিমাত করে দিচ্ছেন কোহলি। বন্ধু গগন গুজরালের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গিয়ে সব আলো কেড়েছেন ভারত অধিনায়ক।

অমিতাভ বচ্চন,অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই অভিনীত বান্টি অউর বাবলি সিনেমার কাজরা রে গানের ঐশ্বর্যের ড্যান্স স্টেপগুলোই একেবারে কপি পেস্ট করে দেখালেন কোহলি। শুধু দেখালেন বললে ভুল বলা হবে, বলিউডের কোরিওগ্রাফারদের জন্য যেন নতুন স্টেপ সেট করে দিলেন কোহলি।

অনুষ্ঠানে কোহলি ছাড়াও আমন্ত্রিতদের তালিকায় ছিলেন ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনুশকার পরিবার, তবে ভাইরাল হওয়া ভিডিওতে কোহলির স্ত্রীকে কোথাও দেখা যায়নি।

পূর্বাশানিউজ/ ০৬ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি