
পূর্বাশা ডেস্ক:
পাবনার চাটমোহরে ছেলের লাঠির আঘাতে মা আয়েশা খাতুন (৫৫) নিহত হয়েছেন।
সোমবার সকাল ৭টার দিকে উপজেলার ফৈলজনা ইউনিয়নের ঘাসিখোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছেলে মাসুদ রানাকে (২৫) আটক করা হয়েছে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আয়েশা খাতুন ঘাসিখোলা গ্রামের ইন্তাজ আলীর স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ছেলে মাসুদ রানাকে ডাকতে যান মা আয়েশা খাতুন। বেশ কয়েকবার ডাকাডাকি করায় ক্ষুব্ধ ঘরে থাকা লাঠি দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করে ঘাতক ছেলে মাসুদ। এতে প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। পরে এলাকাবাসী ঘাতক ছেলে মাসুদকে আটক করে চাটমোহর থানা পুলিশকে জানায়।
স্থানীয় মেয়র শহিদুল বলেন, ‘যতদুর শুনেছি ছেলে মাসুদের মানসিক সমস্যা আছে। দিনমজুরের কাজ করলেও ঠিকমতো কাজে যেতো না। এ নিয়ে পরিবারে প্রায়ই মনোমালিন্য হতো। মাকে হত্যার পর তার কথাবার্তা অসংলগ্ন মনে হচ্ছে।’
ওসি এস এম আহসান হাবীব জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।


















































