
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩১তম জন্মদিন শনিবার। ১৯৮৭ সালের এই দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন সাকিব।
বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক বাংলাদেশ তো বটেই ক্রিকেট ইতিহাসেই নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন অনেক আগে।
জন্মদিনে বিশ্বে দুই ফরম্যাটের সেরা অলরাউন্ডার সাকিবকে শুভেচ্ছা জানাতে ভোলেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ ও টুইটারে সাকিবকে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শনিবার আইসিসি তাদের ফেসবুক ও টুইটারে সাকিবের সাদা পোশাকের একটি ছবি পোস্ট করেছে। গেল বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে উইকেট উদযাপনের ছবিটি পোস্ট করে ক্যাপশনে তারা লিখেছে, ‘১০০৭৪ রান। ৪৯৮ আন্তর্জাতিক উইকেট (এবং চলমান)। টেস্ট ও ওয়ানডেতে বিশ্বের সেরা অল রাউন্ডার। সাকিব আল হাসানের শুভ ৩১তম জন্মদিন।’
২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সাকিবের। একই বছর নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষেই টি-টুয়েন্টিতে অভিষেক হয় তার। পরের বছর অভিষেক টেস্টে। ২০০৯ সালের জানুয়ারিতে অল রাউন্ডার র্যাঙ্কিংয়ে সেরার আসনে বসেন। এরপর অল রাউন্ডার র্যাঙ্কিংয়ে রাজত্ব করে চলেছেন। কখনো কখানো শীর্ষ স্থান হারালেও একসঙ্গে তিন ফরম্যাটেও শীর্ষে ছিলেন। বর্তমানে টি-টুয়েন্টিতে তিন নম্বর অবস্থানে থাকলেও ওয়ানডে ও টেস্টে যথারীতি সেরা অলরাউন্ডার সাকিব। সাকিবের নেতৃত্বে ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। কদিন আগে শ্রীলঙ্কার নিদাহাস ট্রফির ফাইনালে খেলে এসেছে বাংলাদেশ এই খেলোয়াড়েরই নেতৃত্বে।
























































