
তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) হাতিরঝিলের বহুতল ভবনটি ভাঙতে সময় আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২৭ মার্চ (মঙ্গলবার) আদেশ দেবেন আপিল বিভাগ। ভবনটি ভাঙতে আবারও বিজিএমইএ’র করা আবেদনের ওপর শুনানি নিয়ে রোববার (২৫ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।
গত ৫ মার্চ ভবনটি ভাঙতে আরও এক বছর সময় চেয়ে আবেদন করে বিজিএমইএ।
আদালতে বিজিএমইএ’র পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও ইমতিয়াজ মইনুল ইসলাম।
গতবছরের ৮ এপ্রিল বিজিএমইএ ভবন ভাঙতে কর্তৃপক্ষকে সাত মাস সময় দিয়েছিলেন আপিল বিভাগ। সে অনুযায়ী এপ্রিলে সময় শেষ হচ্ছে। তার আগেই সময় চেয়ে আবেদন করে বিজিএমইএ কর্তৃপক্ষ।
২০১৬ সালের ২ জুন বিজিএমইএ’র করা লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর ৮ নভেম্বর ১৬তলা ভবনটি অবিলম্বে নিজ খরচে ভেঙে ফেলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। এরপর ৮ ডিসেম্বর রিভিউ আবেদন করে বিজিএমইএ।
এর আগে ২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্টের রায়ে ৯০ দিনের মধ্যে বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ দেয়া হয়। রায়ে ‘হাতিরঝিল প্রকল্পে বিজিএমইএ ভবন একটি ক্যান্সারের মতো’ উল্লেখ করা হয়।























































