
ডেস্ক রিপোর্ট :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ১০ তলা এমবিএ ভবনের ৯ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক ছাত্র।
শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃত তানভীর রহমান (২৭) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমবিএ ভবনের ৯ তলা থেকে এক ছাত্র নিচে লাফ দেন। শব্দ শুনে আশপাশের শিক্ষার্থীরা সেখানে দৌড়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আকরাম হোসেন বলেন, সিসি টিভি ফুটেজে এমবিএ ভবনের ৯ তলা থেকে একজনকে লাফ দিতে দেখা যায়। এ সময় তার আশপাশে কেউ ছিল না। আমাদের কাছে বিষয়টিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, তানভীর অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২৬তম ব্যাচের সন্ধ্যাকালীন এমবিএ শিক্ষার্থী। ২০১৪ সালে তিনি সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হন। ঢাকার শেওড়াপাড়া এলাকায় থাকতেন তিনি। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবন থেকে এক শিক্ষার্থী লাফ দিয়েছেন। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।























































