
ডেস্ক রিপোর্ট :
মো. শামিম মিয়া। রাজধানীর দক্ষিণখানের রেনেসাঁ পাবলিক হাইস্কুল থেকে জিপিএ ৪.৮০ পেয়ে এবার অষ্টম শ্রেণিতে উঠেছে। স্কুলে ভর্তির পর গত হয়েছে ৩ মাস। কিন্তু এখনো সে সরকারের পক্ষ থেকে বিতরণ করা বিনামূল্যের পাঠ্যপুস্তক পায়নি। অনন্যোপায় হয়ে ২০১৭ সালের বই সংগ্রহ করে সেসব দিয়েই চলছে তার পাঠগ্রহণ।
দক্ষিণখানের দেওয়ানপাড়ায় শামিমদের বাসা। গত শুক্রবার কথা হচ্ছিল ওর সঙ্গে। শিশুটির চোখে ক্ষোভ আর অভিমানের জল, মুখে প্রশ্ন সবাই নতুন বই পেলে আমি কেন পাব না? শামিমের বোন শারমিন আক্তার। পাশ থেকে তার প্রশ্ন একই স্কুলের এক ছাত্র নতুন বই পাবে, আরেকজন পাবে না, এটা কোন নিয়ম? উত্তরের আশায় নয়, ক্ষোভ প্রকাশেই তার এমন প্রশ্ন।
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু শামিম মিয়া বা রেনেসাঁ পাবলিক হাইস্কুলের কিছু শিক্ষার্থীই নয়, রাজধানীর অনেক স্কুলের অনেক শিক্ষার্থীই এ পর্যন্ত পায়নি সরকারের দেওয়া বিনামূল্যের পাঠ্যপুস্তক। একদিকে এ-ই যখন অবস্থা, অন্যদিকে তখন বিনামূল্যের অসংখ্য বইয়ের দেখা মিলছে রাজধানীর বিভিন্ন বুকস্টলে। যদিও শিক্ষা বোর্ড থেকে প্রদান করা এসব পুস্তকের গায়ে স্পষ্টভাবেই লেখা আছে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য’।
শুধু তা-ই নয়, অবিশ্বাস্য হলেও সত্যি, চলতি বছরের অনেক পুস্তক পাওয়া যাচ্ছে ভাঙাড়ির দোকানেও। অর্থাৎ বই বিতরণের সঙ্গে সম্পৃক্ত কেউ না কেউ এগুলো শুধু লাইব্রেরিতেই বিক্রি করেনি, যাচ্ছেতাই মূল্যে তুলে দিয়েছে ভাঙাড়িওয়ালার কাছেও।
বিনামূল্যে বিতরণের এসব পুস্তক নীলক্ষেত ও বাংলাবাজারে হরদম বিক্রি হচ্ছে। সরেজমিন দেখা গেছে, এ দুটি পুস্তকের বাজারে অষ্টম শ্রেণির অঙ্ক-ইংরেজি বই ১২০ টাকা থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। টঙ্গীর ১নং মুর্শিদা মার্কেটে সেই বইটিই পাওয়া যাচ্ছে ১০০ টাকায়। দক্ষিণখানের বিডিআর বাজারে (কাপড়পট্টি) একই বই মিলছে ৫০ টাকা থেকে ৬০ টাকায়। তবে সবচেয়ে সস্তায় পাওয়া যাচ্ছে দক্ষিণখানের মেম্বারবাড়ী এলাকার ভাঙাড়ি দোকানগুলোয়। ব্যাককভারে স্পষ্টতই লেখা ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য’যুক্ত এসব পুস্তক এখানে মিলছে ২০ টাকা থেকে ৪০ টাকায়।
জানা গেছে, বিনামূল্যে বিতরণের এসব সরকারি পাঠ্যপুস্তক কালোবাজারে বিক্রি করেছেন সংশ্লিষ্ট স্কুলগুলোর অসাধু শিক্ষকরা। বিচ্ছিন্নভাবে দু-একজন শিক্ষক নন, এ হীনকর্মে তাদের একটি চেইন রয়েছে, যারা রাজনৈতিক ছত্রছায়াপুষ্ট বলেই একটু বেশি বেপরোয়া। মানুষ গড়ার কারিগর নামে কলঙ্কিত এসব মানুষ বাড়তি আয়ের আশায় কোমলমতিদের শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলছেন।
রাজধানীর নীলক্ষেত থেকে টঙ্গী পর্যন্ত বিভিন্ন বইয়ের স্টলে সরেজমিন ঘুরে অভিভাবকদের অভিযোগের সত্যতা পেয়েছেন এই প্রতিবেদক। বিভিন্ন বুকস্টল ও ভাঙাড়ির দোকান থেকে এই প্রতিবেদক ক্রয় করেছেন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৩০টি বিনামূল্যের বই।
এনসিটিবির কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক বছরের মতো সরকারের পক্ষ থেকে এবারও শিশুদের মাঝে বিনামূল্যের বই বিতরণ করা হয়। সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থী রয়েছে ৪ কোটি ৪২ লাখ ৪ হাজার ১৯৭ জন। পহেলা জানুয়ারি থেকে এক সপ্তাহের মধ্যেই সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদামতো ২০১৮ শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যের ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি পাঠ্যবই বিতরণ করা হয়েছে শিক্ষার্থীদের। গত বছরের চেয়ে এবার ১০ লাখ ৭০ হাজার ৯৬৬ শিক্ষার্থী বেড়েছে। ফলে এবার ৭১ লাখ ৯৩ হাজার ৩৬৯টি বই বেশি ছাপানো হয়। সেসব বইও সরকারের পক্ষ থেকে যথাসময়ে পৌঁছে দেওয়া হয়েছে।
যাদের জন্য সরকারের এই আয়োজন, এত অর্থ ব্যয়, সেই শিক্ষার্থীরা পাচ্ছে না; অথচ বুকস্টল ও ভাঙাড়ির দোকানে বিক্রি হচ্ছে বিনামূল্যের বইzzx এ তথ্য জানালে এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা আমাদের সময়কে বলেন, বিক্রি তো দূরের কথা, বিনামূল্যের কোনো বই শিক্ষার্থী ছাড়া কারো কাছে দেওয়ার সুযোগ পর্যন্ত নেই। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক অনেক আগেই বিনামূল্যের বই পৌঁছে দেওয়া হয়েছে। কেউ যদি গোপনে এসব বই বিক্রি করেন, শিক্ষার্থীদের না দেন, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে বলে জানান এনসিটিবি চেয়ারম্যান।
এদিকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শামিম মিয়া এবং তার বোনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ প্রতিবেদক রেনেসাঁ পাবলিক হাইস্কুলের প্র
ধান শিক্ষকের সঙ্গে কথা বলতে চাইলেও তার সন্ধান পাননি। স্কুলটির সহকারী শিক্ষক মো. দুলাল মিয়া বলেন, এখনো আমরা বোর্ড থেকে প্রদেয় সব বই পাইনি। ষষ্ঠ শ্রেণির জন্য ৬০ সেট বইয়ের চাহিদাপত্র দেওয়া হলেও পেয়েছি ৪৫ সেট। সপ্তম শ্রেণির চাহিদা ছিল ৫৫ সেট; পেয়েছি ৪৫ সেট। অষ্টম শ্রেণির চাহিদাপত্রে দেওয়া হয়েছিল ৬৫ শিক্ষার্থীর; পাওয়া গেছে ৪০ জনের। ফলে যেসব শিক্ষার্থী এখনো নতুন বই পায়নি, তাদের ২০১৭ সালের বইয়ে পাঠদান করা হচ্ছে। শিগগির তাদের জন্য নতুন বইয়ের ব্যবস্থা করা হবে।
শুক্রবার দুপুরে অভিভাবকের ছদ্মবেশে নীলক্ষেতে যান এই প্রতিবেদক। ‘বই কুটির’ নামে একটি বইয়ের স্টলে গিয়ে সেখানে কর্মরত জাহিদ পরিচয়দানকারী একজনের কাছে অষ্টম শ্রেণির অঙ্ক ও ইংরেজি বই চাওয়া হলে তিনি ২০১৭ সালের দুটি বিনামূল্যের বই এনে দেন। ২০১৮ সালের বই চাইলে প্রথমে একটু ইতস্তত করেন। পরে কিছু একটা ভেবে দোকান থেকে বেরিয়ে যান। মিনিট পাঁচেক পর দুটি বই হাতে করে ফিরে আসেন। দাম জানতে চাইলে বলেন, ‘এগুলো সরকারি বই। বিক্রি নিষেধ। তার পরও বিপদে যখন পড়েছেন, দুটো বই ১৪০ টাকা করে ২৮০ টাকা দেন।’ অনুনয় করে পরে তার হাতে ২৪০ টাকা গুঁজে দিয়ে বই দুটি নিয়ে চলে আসেন প্রতিবেদক। সেদিন ‘বই কুটির’ ছাড়াও নীলক্ষেতের আরও কয়েকটি দোকানে বিনামূল্যের বই বিক্রি করতে দেখা গেছে।
শুক্রবার জুমার নামাজের পর উত্তরা ৬ নম্বর সেক্টরে রাজউক কলেজসংলগ্ন বিডিআর বাজারের ‘বই আর বই’ নামের দোকানে গিয়ে অষ্টম শ্রেণির অঙ্ক ও ইংরেজি বই চাইলে প্রতিবেদককে কিছুক্ষণ অপেক্ষমাণ রেখে ২০১৮ সালের ৪টি ইংরেজি ও অঙ্ক বই এনে দেন দোকানকর্মী আল আমিন। তিনি অবশ্য প্রতিটি বইয়ের দাম রাখেন ৬০ টাকা করে।
এর পর দক্ষিণখানের মেম্বারবাড়ী এলাকায় জালালের ভাঙাড়ির দোকানে যান এই প্রতিবেদক। জালালের কাছে অষ্টম শ্রেণির বই চাইলে কিছুক্ষণ সাত-পাঁচ ভাবেন। প্রতিবেদক একজন প্রবাসী, তার ভাগ্নের জন্য প্রয়োজন, কাজেই যদি অনুগ্রহ করেন এমন আর্জির পর চতুর্থ, পঞ্চম ও অষ্টম শ্রেণির তিনটি বই মেলে। তিনি সাকুল্যে দাম নেন ৬০ টাকা।
দক্ষিণখান থেকে বিকালে প্রতিবেদক যান টঙ্গী কলেজ রোড ১নং মুর্শিদা মার্কেটে। সেখানে মা-মণি বই বিতানে গিয়ে প্রতিবেদক যেন আকাশ থেকে পড়েন। অন্যরা কিছুটা গোপনীয়তা রক্ষা করলেও এই বুকস্টলের মালিক মাহবুবুল হক কিরণ ছিলেন নির্ভীক। তিনি প্রকাশ্যেই শোকেসের ওপর থরে থরে সাজিয়ে রেখেছেন বিনামূল্যের বই। প্রতিটি বই একশ টাকা করে দিয়ে ৪টি বই সংগ্রহ করেন প্রতিবেদক।
জানা গেছে, বোর্ডের বিনামূল্যের বই কালোবাজারির সঙ্গে জড়িত কিছু স্কুলশিক্ষক। তাদের নেপথ্যে রয়েছে রাজধানীর বেশ কয়েকটি চক্র। এসব চক্রের অন্যতম হলেন নীলক্ষেতের ইকবাল, দুলাল, শাহআলম, বাবুল, বিল্লাল, শাজাহান, আলামিন, কামরুল, বাবলু, জব্বার, হেলাল; বাংলাবাজারের কামরুল, অধির; দক্ষিণখান থানা এলাকার আশ্রাফউদ্দিন, জামাল, খাইরুল, মোস্তফা, জাহাঙ্গীর, দুলাল, আনোয়ার, সামসু, সুন্দর আলী, জমিন, সোহেল এবং বিডিআর মার্কেটের বিল্লাল ও আলামিন; উত্তরা পূর্ব ও পশ্চিম থানা এলাকার জামাল, দুলাল, আনোয়ার, সোহেল, ফারুক, মাহাবুব, নজরুল, জুলহাস, মনির, পলাশ, মিস্টার খান, নাজমুল, সারোয়ার, রানা, ইলিয়াস, শাহ আলম, মোল্লা, জালাল; টঙ্গির কিরণ, শহীদ ওরফে মাস্টার, মামা, আউয়াল, বাচ্চু সরকার, বজলু, তাহের, হোসেন ও মামুন; তুরাগের ফিরোজ, ইসমাইল, জামাল, ইলিয়াস, আনোয়ার, বাচ্চু। বিভিন্ন স্কুল থেকে সিন্ডিকেটের মাধ্যমে এরা কেজি দরে টন-টন বই সংগ্রহ করেন। এর পর তা সরবরাহ করেন রাজধানীর বিভিন্ন বুকস্টল ছাড়াও কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, গাজীপুর, ময়মনসিংহে। তাদের নির্ধারিত এজেন্টরা এসেও নিয়ে যান চাহিদামতো।























































