
ডেস্ক রিপোর্ট :
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারই উন্নয়নের রাজনীতি করে, অন্যরা করেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার চাঁদপুর স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় এমন মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে অন্যরা না। তাই নৌকা মার্কায় ভোট দিলে গ্রাম পর্যায় থেকে উন্নয়ন হবে। নৌকা আপনাদের মার্কা। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট চাই। ভোট দিবেন কিনা দু’হাত তুলে ওয়াদা করুন।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি- জামায়াতের রাজনীতি জ্বালাও-পোড়াও। আর আওয়ামী লীগ জনগণের পাশে থাকে। এটাই আওয়ামী লীগের নীতি ও আদর্শ। বিএনপি নিতে জানে, দিতে নয়। আওয়ামী লীগ গড়ে, বিএনপি ধ্বংস করে।
প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচন করা তার সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কেউ না খেয়ে থাকবে না। কেউ গৃহহারা থাকবে না। কমকরে হলেও একটি করে টিনের ঘর করে দেয়ার পদক্ষেপ নেয়া হবে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। ভিক্ষুকের জাতির আত্মমর্যাদা থাকে না। আমরা সব জেলাকে ভিক্ষুকমুক্ত করবো। বাংলাদেশ হবে ভিক্ষুকমুক্ত। বিজয়ী জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে চলবো, কারোর কাছে হাত পাতবো না।
তিনি বলেন, যারা যুদ্ধাপরাধীদের হাতে পতাকা দেয় তারা এ দেশের উন্নয়ন করবে না। নৌকা আপনাদের মার্কা। এটি উন্নতি সমৃদ্ধি দেয়।
প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শিক্ষক, অভিভাবক মা-বাবাদের বলবো, আপনারা সচেতন থাকবেন। কেউ যেন মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদের পথে না যায়।
এ সময় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, চাঁদপুরে মেডিকেল কলেজ করবো, বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দেব। সেই সাথে পর্যটনের ব্যবস্থা করে দেব। নৌবন্দরও করে দেব। পরে প্রধানমন্ত্রী চাঁদপুরে ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এর আগে প্রধানমন্ত্রী চাঁদপুরের হাইমচরে বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় কমডেকার সম্মেলন উদ্বোধন করে বক্তব্য দেন। পরে সার্কিট হাউসে বিশ্রাম নিয়ে বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন।






















































