শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ডিভাইস ব্যবহার করে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিসিএস, মেডিকেল ও ব্যাংকসহ সরকারি চাকরির বিভিন্ন নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করে জালিয়াতের একটি চক্রটিকে ধরেছে পুলিশ। তারা পরীক্ষার্থীদের সঙ্গে চুক্তি করে ডিভাইসের মাধমে উত্তর সরবরাহ করত।

পুলিশ জানায়, পরীক্ষার নির্দিষ্ট দিনে চুক্তিবদ্ধদের কাছে ডিভাইস সরবরাহ করে চক্রটি। তারা পরীক্ষা শুরুর পাঁচ মিনিটের মধ্যে ওই ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র বাইরে ফাঁস করে দেয়। এরপর বাইরে থাকা প্রশ্ন এক্সপার্টদের মাধ্যমে ডিভাইসের সঙ্গে সংযুক্ত কানে লাগানো ক্ষুদে হেডফোনে এমসিকিউ বিত্ত ভরাট করে চুক্তিবদ্ধ পরীক্ষার্থীরা।

শনিবার দুপুরে ডিএমপির  মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন।

এর আগে শুক্রবার রাতে রাজধানীর মিরপুর, নিউমার্কেট ও ফার্মগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ক্ষুদে ব্যাটারি, ইয়ারফোন, মোবাইলফোনের মতো কথা বলার সিম সংযুক্ত মাস্টারকার্ড জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সোনালী ব্যাংকের আইটি অফিসার অসিম কুমার দাস, পূবালী ব্যাংকের প্রবেশনারি অফিসার মো. মনিরুল ইসলাম ওরফে সুমন ও বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রবেশনারি অফিসার মো. সোহেল আকন্দ, মো. জহিরুল ইসলাম, সাদ্দাতুর রহমান ওরফে সোহান, নাদিমুল ইসলাম, মো. এনামুল হক ওরফে শিশির, শেখ তারিকুজ্জামান, অর্ণব চক্রবর্তী ও আরিফুর রহমান ওরফে শাহিন।

সংবাদ সম্মেলনে আবদুল বাতেন বলেন, জনৈক পুলকেশ দাস ওরফে বাচ্চু এই চক্রের মূল হোতা। তার বিশ্বস্ত সহযোগী জনৈক কার্জন। কার্জন পরীক্ষায় জালিয়াতির জন্য বিশেষ ডিভাইসগুলো সরবরাহ করে।

গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, চক্রের সদস্যরা তিন ভাগে বিভক্ত হয়ে তিন কাজ করে থাকে। চক্রের কয়েকজন পরীক্ষায় পাস করানোর জন্য মোটা অঙ্কের টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হতে আগ্রহী পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে।
চক্রের আরেক অংশ পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁস করার জন্য ডিভাইস ব্যবহার ও বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করে। আরেকটি অংশ ডিভাইস সরবরাহে সহযোগিতা করে।

পুলিশ কর্মকর্তা জানান, কল রিসিভ করা গেলেও ওই ডিভাইসে কল করা যায় না। তবে ডিভাইসে ইনকামিং কল অটো রিসিভ হয়। ওপার থেকে উত্তর শুনে সেট কোড মিলিয়ে চুক্তিবদ্ধ পরীক্ষার্থী পরীক্ষা দেয়।

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আবু জাফর মজুমদার রুবেল, পুলকেশ ও কার্জন নামে তিনজন এই চক্রের মূল হোতা। তারা পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান তিনি।

আবদুল বাতেন বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে এ ব্যাপারে আরও তথ্য বেরিয়ে আসবে।

পূর্বাশানিউজ/ ০৭ এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি