বৃহস্পতিবার,১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


নগরীর রেইসকোর্সের কলেজ ছাত্র সাগর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লায় চাঞ্চল্যকর কলেজছাত্র সাগর হত্যা মামলার প্রধান আসামি সোহাগ উদ্দিন রানাকে ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি জানিয়েছেন গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল।

তিনি জানান, শুক্রবার (৬ এপ্রিল) দিবাগত রাতে ঢাকার কমলাপুর এলাকা থেকে আসামি রানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া রানা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাতাবাড়িয়া এলাকার সেলিম জাহাঙ্গীরের ছেলে।

এর আগে বুধবার (৪ এপ্রিল) কুমিল্লা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র সাগর দত্তকে (১৯) গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। সাগর কুমিল্লার শহরের রেসকোর্স এলাকায় বিএইচ ভূঁইয়া হাউজের নিচ তলায় ভাড়া থাকতেন। বুধবার সকালে সাগরের গলাকাটা মরদেহ ও সজীব সাহা নামে আরেক ছাত্রকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ।

নিহত সাগর দত্ত কুমিল্লার চান্দিনার বারেরা ইউনিয়নের চিলোড়া গ্রামের শংকর দত্তের বড় ছেলে।
আহত সজীব সাহা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজান চরগ্রামের রাখাল সাহার ছেলে। সজীব কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি পাস কোর্সের শেষ বর্ষের ছাত্র। বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাতে নিহত কলেজছাত্র সাগরের বাবা শংকর দত্ত বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পূর্বাশানিউজ/ ০৭ এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি