সোমবার,২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় খালেদার অন্তর্বর্তীকালীন জামিন নামঞ্জুর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লায় বাসে পেট্রলবোমা হামলায় আটজন নিহতের মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্তর্বর্তীকালিন জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে বেগম খালেদা জিয়ার আইনজীবীরা অন্তর্বর্তীকালীন জামিন আবেদন করেন। সোমবার দুপুরে জামিন আবেদন নামঞ্জুর করে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেসমিন আরা বেগম ২৩ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ১০ এপ্রিল পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী খালেদা জিয়ার আইনজীবীরা কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ জামিন নামঞ্জুর করেন।
গত ১২ মার্চ খালেদা জিয়ার আইনজীবীরা হাজিরা পরোয়ানা (প্রোটেকশন ওয়ারেন্ট) প্রত্যাহার ও জামিন আবেদন করেছিলেন। আদালত রাষ্ট্রপক্ষকে খালেদা জিয়াকে কেন হাজির করা হয়নি জানতে চাইলে রাষ্ট্রপক্ষ জানায়, খালেদা জিয়ার অসুস্থতার কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।

১২ মার্চ গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতের বিচারক মুস্তাইন বিল্লাহ বিএনপি চেয়ারপারসনকে ২৮ মার্চ হাজিরার নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

পূর্বাশানিউজ/১৬এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি