
মৌসুমের সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়। রোববার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এমন তুমুল বর্ষণে ভেসেছে ঢাকা। বিশেষ করে মিরপুরের অবস্থা শোচনীয়।
তুমুল বৃষ্টিপাতের পর আজ সকাল সোয়া ৯টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকার চারদিকে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন এলাকার রাস্তায় পানি জমেছে প্রায় কোমর সমান। ১০ নম্বর গোল চত্বর ছাড়াও কাজীপাড়া, শেওড়াপাড়ার রাস্তায়ও জমেছে হাঁটু পানি। পানির কারণে ফুটপাত দিয়েও হাঁটতে পারছে না মানুষ।
বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে ব্যাহত হয় যানবাহন চলাচলও। অনেক স্থানে বিকল হয়ে পড়ে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকারসহ যানবাহন। মেট্রোরেল প্রকল্পের নির্মাণকাজের কারণে ড্রেনেজ ব্যবস্থাও অচল হয়ে পড়েছে।
সরকারি ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ কম থাকলেও জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। মিরপুর ১০ নম্বর গোল চত্বরের ফুটওভার ব্রিজে দাঁড়িয়ে এক পথচারী বলেন, এবার অার পানি বের হতে পারবে না। সব পথ বন্ধ মেট্রোরেলের কারণে।
পানি বের হওয়ার কোনও পথ নেই। অার পানি নিঃষ্কাশনের জন্যও কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি কাউকেই। ফুটওভার ব্রিজে দাঁড়িয়ে অনেকেই পানিবন্দি মিরপুরের ছবি ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দিচ্ছেন ইন্টারনেটে।
অাবহাওয়া অফিস জানিয়েছে, সকাল থেকে ঢাকায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অাগামী ৪৮ ঘণ্টায় অারও ভারী বর্ষণ হতে পারে।

















































