
আগামী বুধবার বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তার আগে কাল লা লিগায় লেগানেসকে ২-১ গোলে হারিয়ে বায়ার্ন ম্যাচের প্রস্তুতি সারল জিনেদিন জিদানের দল।
বায়ার্ন ম্যাচের কথা মাথায় রেখে সান্তিয়াগো বার্নাব্যুতে কাল লেগানেসের বিপক্ষে নিয়মিত একাদশের প্রায় সবাইকে বিশ্রাম দিয়েছিল রিয়াল। গত বুধবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্নের বিপক্ষে ম্যাচ থেকে ১০টি পরিবর্তন আনেন জিদান। বড় তারকাদের মধ্যে শুরুর একাদশে ছিলেন শুধু গ্যারেথ বেল ও করিম বেনজেমা।
বেল-বেনজেমারা জিদানের আস্থার প্রতিদান দিয়েছেন। ঘরের মাঠে ম্যাচের অষ্টম মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন বেল। ছয় গজ দূর থেকে গোলটি করেন ওয়েলসের এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের শেষ মিনিটে গোল করে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন বোর্হা মায়োরাল। ফলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে অনেকটা ছন্দহীন হয়ে পড়ে রিয়াল। এরই সুযোগে ৬৬ মিনিটে গোল করে ব্যবধান কমান লেগানেসের ব্রাসানাক। সতীর্থ আমরাবাতের ক্রস থেকে পায়ের টোকায় বল জালে জড়িয়ে দেন তিনি।
এরপর আর গোলের দেখা পায়নি কোনো দলই। উল্টো ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেন লেগানেসের অধিনায়ক গ্যাব্রিয়েল।
রিয়াল মাদ্রিদের লিগ জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে অনেক আগেই। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল তারা। ৩৪ ম্যাচে রিয়ালের ৭১ পয়েন্ট। সমান ম্যাচে অ্যাটলেটিকোর ৭২ পয়েন্ট। ৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকা বার্সেলোনা শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে।
























































