
ডেস্ক রিপোর্ট:
‘আমাকে বাসায় নিয়ে চল, হাসপাতালে চিকিৎসা করাবো না, অনেক টাকা লাগবে, এতো টাকা দিবো কোথা থেকে।’
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মালিবাগে মোড়ে চলন্ত বাস থেকে নামতে গিয়ে বাসের চাকার নিচে পায়ের পাতা পিষ্ট হয় নিলূফা বেগম (৪০) নামে এক নারী পোশাক শ্রমিকের।
তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ওই নারীর মেঝো ছেলে আশিকুল ইসলাম। এরপর নিয়ে যাওয়া হয় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)।
ছেলেকে কাছে পেয়ে মা নিলুফা বেগম বলেন ‘বাবা আমার চিকিৎসা বাসায় করাব, আমাকে বাসায় নিয়ে চল। হাসপাতালে চিকিৎসা করালে অনেক টাকা লাগবে, এতো টাকা দিবে কে?’
শুক্রবার রাত ১২টার দিকে মোবাইল ফোনে আহতের ছেলে আশিকুল ইসলাম এই প্রতিবেদককে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ঢামেক হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে পঙ্গু হাসপাতালে নেওয়ার সময় মা বারবার আকুতি করে বলছিলেন, ‘আমাকে বাসায় নিয়ে চল, হাসপাতালে চিকিৎসা করাতে অনেক টাকা লাগবে।’
তিনি আরও বলেন, ‘আমরা গরিব মানুষ, পোশাক শ্রমিকের কাজ করি। মা ও আমার উপার্জনের টাকা দিয়ে আমাদের সংসার কোনরকমে চলে। এই চিন্তা করেই মা এসব কথা বলেছেন। মাকে সান্ত্বনা দিয়ে বলি, তুমি চিন্তা করো না আমি টাকা নিয়ে এসেছি, তোমার ভালো চিকিৎসা হবে।’
তবে তাদের এখন তেমন টাকা পয়সা নেই। কীভাবে অপারেশনের টাকা ও মায়ের চিকিৎসা করাবেন তা নিয়ে চিন্তিত আশিক।
আহত নিলূফা বেগমের দুই ছেলে ও দুই মেয়ে। তার স্বামী আজিজুল ও বড় ছেলে তরিকুল ইসলাম গ্রামের বাড়ি গোপালগঞ্জে কৃষি কাজ করেন। দুই মেয়ে শেফালী, দিপালী ও মেঝো ছেলে আশিককে নিয়ে আদাবর বাজারের পাশে পানির ট্যাংক গলি এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।
আশিকুল জানান, ‘রাত সাড়ে ১২টার দিকে তার মাকে পঙ্গু হাসপাতালে অস্ত্রপচার কক্ষে নেওয়া হয়েছে। ডাক্তারা জানিয়েছেন, মায়ের পায়ের ৩-৪টি আঙ্গুল ফেলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ওখান থেকে পচন ধরতে পারে।’
এসময় আশিক তার মার সুস্থ্যর জন্য সবার কাছে দোয়া কামনা করেন।






















































