
ডেস্ক রিপোর্ট :
বাগেরহাটের ফকিরহাটে ঝড়ে গাছের নিচে চাপা পড়ে তরুণ দাস (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ মে) রাতে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার খাজুরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
নিহত তরুন খুলনার ধর্মসভা ক্রসরোডের মৃত যোগেশ দাসের ছেলে।
বাগেরহাটের কাটাখালী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, রাতে একটি মাহেন্দ্রযোগে খুলনায় যাচ্ছিলেন তরুণ দাস ও তার বড় ভাই অশোক দাস (৫২)। পথে ঝড় বৃষ্টির সময় মহাসড়কের খাজুরা এলাকায় তাদের বহনকারী মাহেন্দ্র গাড়ির ওপর একটি বাবলা গাছ ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তরুণ দাসের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই অশোক দাস ও মাহেন্দ্র চালককে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।



















































