
ডেস্ক রিপোর্ট :
চলতি অর্থবছরের প্রথম নয় মাসে সেবা খাতের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের চেয়ে ২০ শতাংশ বেড়েছে। আর একক মাস হিসাবে গত মার্চে এ খাতে রপ্তানি আয় ৪২ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্যে এ চিত্র দেখা গেছে।
তথ্যমতে, ২০১৭-১৮ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে বিদেশে বিভিন্ন সেবা বিক্রি করে ৩০৩ কোটি ১৯ লাখ ডলার আয় করেছে বাংলাদেশ। এ আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২৪ দশমিক ৫৩ শতাংশ বেশি। আর চলতি অর্থবছরের প্রথম নয় মাসের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ১৫ দশমিক ৫ শতাংশ। এ সময়ে লক্ষ্যমাত্রা ছিল ২৬২ কোটি ৫০ লাখ ডলার।
এই নয় মাসে বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে দুই হাজার ৭৪৫ কোটি ১৫ লাখ ডলার। তার সঙ্গে সেবা রপ্তানি মিলে দেশের মোট রপ্তানি আয় হয়েছে তিন হাজার ৪৮ কোটি ৩৪ লাখ ডলার।
ইপিবির তথ্যে দেখা গেছে, সেবা খাতের রপ্তানি আয়ের মধ্যে ২৯৭ কোটি ৫৩ লাখ ডলারই এসেছে সরাসরি সেবা খাত থেকে। অর্থাত্ মোট রপ্তানির ৯৮ দশমিক ১৩ শতাংশই এসেছে সরাসরি সেবা খাত থেকে। বাকিটা দেশের বন্দরগুলোতে পণ্যবাহী জাহাজগুলোর কেনা পণ্য ও সেবা এবং মার্চেন্টিংয়ের অধীনে পণ্য বিক্রির আয়। সেবা খাতের মধ্যে সবচেয়ে বেশি আয় হয়েছে সরকারি পণ্য ও সেবা রপ্তানি থেকে। এ উপখাত থেকে এসেছে ১৩১ কোটি ৩২ লাখ ডলার। অন্য উপখাতগুলোর মধ্যে ‘অন্যান্য ব্যবসায় সেবা’ থেকে এসেছে ৫০ কোটি ২৮ লাখ ডলার। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি থেকে আয় হয়েছে ৩৭ কোটি ৬৫ লাখ ডলার। বিভিন্ন ধরণের পরিবহন সেবা (সমুদ্র, বিমান, রেল এবং সড়ক) থেকে ৪৩ কোটি ৬৩ লাখ ডলার আয় হয়েছে। আর্থিক সেবা খাত থেকে ৮ কোটি ৮৫ লাখ ডলার এবং ভ্রমণ সেবা উপখাত থেকে ২৯ কোটি ডলার রপ্তানি আয় হয়েছে।
























































