মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হঠাৎ করেই পাকিস্তান দলে হাফিজ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০১৮


ডেস্ক রিপোর্ট: দুই বছর পর হঠাৎ করেই পাকিস্তান টেস্ট দলে ডাক পেয়েছেন ওপেনার মোহাম্মদ হাফিজ। আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজের জন্য হাফিজকে দলে ডেকেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি জানায়, যত দ্রুত সম্ভব আমিরাতে রওনা হতে বলা হয়েছে তাকে। আগামী ৭ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে পাকিস্তান।

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে পাকিস্তান দলে জায়গা পাননি হাফিজ। সুপার ফোরে পাকিস্তানের বিদায় নেওয়ার পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছে। দল নির্বাচন নিয়ে হয়েছে তীব্র সমালোচনা। দল যখন এশিয়া কাপে ব্যস্ত সেই সময়ে ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত সময় পার করেছেন ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। দেখিয়েছেন দারুণ পারফরম্যান্স।

পাকিস্তানের হয়ে সাদা জার্সিতে হাফিজকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৬ সালে। ইংল্যান্ডের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজ ছিল তার শেষ সিরিজ। ঐ সিরিজে ৬ ইনিংসে মাত্র ১০২ রান করায় ঐ সিরিজের পর বাদ পড়েন তিনি। প্রায় দু’বছর পর আবারো পাকিস্তানের হয়ে সাদা জার্সিতে দেখা যাবে তাকে।

এই মৌসুমে হাফিজ ঘরোয়া ক্রিকেটে খেলেছেন সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেডের হয়ে। প্রথম শ্রেণির ম্যাচে পেশাওয়ারের বিপক্ষে ডাবল সেঞ্চুরির পর বল হাতে শিকার করেন ৪ উইকেট। ইনিংস ও ১০৫ রানে দলকে জেতাতে দারুণ ভূমিকা রেখেছেন হাফিজ। ৩ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন ১৫.৫৮ গড় রান দিয়ে। ক্রিকবাজ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি