ডেস্ক রিপোর্ট:
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের নেত্রী অং সান সুচির সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করেছে কানাডা সরকার। বুধবার ৩ অক্টোবর সকালে বাতিল করা হয়। এর আগে ২৮ সেপ্টেম্বর কানাডার পার্লামেন্ট মিয়ানমারের নেত্রী অং সান সুচির সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করে দেয়। দেশটির আইনপ্রণেতাদের সর্বসম্মত ভোটে এটি বাতিল করা হয়। মিয়ানমারের সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে গণহত্যাসহ অপরাধ তৎপরতার দায়ে সুচির সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করা হয়েছে।
কানাডার বিরোধী দল ব্লক কুইবেকয়েজ প্রথম এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করলে তা দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমনসে সবার সমর্থন লাভ করে। এর আগে দেশটির আইনপ্রণেতারা মিয়ানমারে সংঘটিত হওয়া রোহিঙ্গা নিধনকে গণহত্যা হিসেবে ঘোষণা দিয়েছে। তার এক সপ্তাহ পরই বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট সুচির নাগরিকত্ব বাতিল করল। ২০০৭ সাল কানাডা সরকার সুচিকে নাগরিকত্ব প্রদান করেছিল। তখন সুচি দীর্ঘদিন ধরে মিয়ানমারের গণতন্ত্রের জন্য আন্দোলন করছিলেন।
দেশটির সামরিক সরকার তখন সুচিকে গৃহবন্দি করে রাখে। এরপর রাজনৈতিক নানা পট পরিবর্তনের মাধ্যমে মিয়ানমারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। কিন্তু রোহিঙ্গা গণহত্যার কারণে সম্প্রতি আন্তর্জাতিক নিন্দার মুখে পড়েছেন এই নেত্রী। কানাডার পার্লামেন্ট জানিয়েছে, রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর জাতিগত নিধনের সমালোচনা করতে ব্যর্থ হয়েছেন সুচি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের মুখপাত্র অ্যাডাম অস্টেন জানিয়েছেন, রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে কানাডার অবস্থান স্পষ্ট করার জন্যই সুচির এই প্রতীকী সম্মাননা বাতিল করা হয়েছে। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য আমাদের সাহায্য অব্যাহত থাকবে। তাদের মানবিক সাহায্য প্রদান করা হবে। একই সঙ্গে, গণহত্যায় জড়িত মিয়ানমারের সামরিক বাহিনীর কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আন্তর্জাতিক মানদ- অনুযায়ী তাদের বিচারের মুখোমুখি করার জন্যও চেষ্টা চালাবে কানাডা।























































