ডেস্ক রিপোর্ট:এখন অবধি কখনোই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জিততে পারেনি সিলেট সিক্সার্স। এবার সেই অধরা শিরোপা দলকে এনে দিতে চান দলটির সার্বিক দায়িত্বে থাকা পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াকার ইউনুস।
আজ বিপিএলের ষষ্ঠ আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে। এর জন্য গতকালই সিলেটের কোচ হয়ে ঢাকায় পা রেখেছেন ওয়াকার। উত্তরায় এর আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শিরোপা জয়ের জন্যই দল তৈরি করছে সিলেট সিক্সার্স। যে ছয় ক্রিকেটারকে নিশ্চিত করা হয়েছে তারা সবাই টি-টোয়েন্টি ফরমেটের জন্য দারুণ পরীক্ষিত। সঙ্গে ড্রাফট থেকেও দেশি-বিদেশি সেরা ক্রিকেটারদের আমরা নিশ্চিত করতে চাই। আমার বিশ্বাস দারুণ একটা ব্যালেন্স দল আমরা তৈরি করতে পারব। ষষ্ঠ আসরের শিরোপা আমরা চাই।’
সাব্বির রহমান, নাসির হোসেনের সঙ্গে পাকিস্তানের অলরাউন্ডার সোহেল তানভীরকে আগে থেকেই রেখে দিয়েছে সিলেট। আর এ প্লাস ক্যাটাগরিতে সিক্সার্স শিবিরে আইকন ক্রিকেটার হিসেবে যোগ দিয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস। তবে, সরাসরি দুই বিদেশি নেওয়ার সুযোগে সবচেয়ে বড় চমক দিয়েছে সিক্সার্স ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ও আইপিএলের দল সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সার্ভিস নিশ্চিত করেছে দলটি। সঙ্গে যোগ হয়েছেন নেপালের লেগস্পিনার সন্দীপ লামিছানে।
বিশেষ করে ডেভিড ওয়ার্নারকেই নিজেদের ট্রাম্প কার্ড বলে মানছে সিলেট সিক্সার্স। ওয়াকার বলেন, ‘ওয়ার্নারের ট্র্যাক রেকর্ড দারুণ। প্লেয়ার হিসেবেও সে অসাধারণ। সিলেট সিক্সার্সের জন্য সে একটা বড় নাম। সিলেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পর আমিই ওকে বলেছিলাম তুমি কেন বিপিএলে খেলছ না? এসো এবং বিপিএল খেল। যেহেতু তুমি অনেক বড় বিতর্ক ও নাটকীয়তার মধ্য দিয়ে যাচ্ছ। যদিও সে বলছিল ক্রিকেট বোর্ডের সঙ্গে সমস্যা যাচ্ছে। তবে সে দলে যোগ দিয়ে খুশি। ওয়ার্নারের মতো একজন খেলোয়াড়কে দলে পাওয়া অবশ্যই আমাদের জন্য সুসংবাদ। আমরা সবাই জানি ও একজন বিধ্বংসী ক্রিকেটার এবং একজন ভালো দলপতিও। আপনারা জানেন আইপিএলে ও হায়দারাবাদকে শিরোপা জিতিয়েছে। অতএব এটা আমাদের জন্য আরেকটি ভালো অপশনও বটে। আমি আর সে দুজনই সিডনি থাকি। আমাদের মধ্যে বোঝাপড়াটাও ভালো। তা ছাড়া কানাডিয়ান লিগে আমি ওকে কোচিং করিয়েছি। টুর্নামেন্টটি খেলতে আমরা সবাই দারুণ রোমাঞ্চিত।’
কথা প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের কথাও উঠে আসলো। আর তাতে বাংলাদেশের ভূয়সী প্রশংসাই করলেন ওয়াকার। সাবেক এই পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘দেখেন বাংলাদেশ সবসময়ই ভালো একটি সাইড। এমন ট্যালেন্টেড একটি দল দেখে আমি সত্যিই রোমাঞ্চিত। আমি যদি ভুল না করি তারা দুবাইয়ে বলতে গেলে খেলেইনি। তারপরেও এমন একটি টুর্নামেন্ট তারা খেলল, দেখে খুবই ভালো লেগেছে। আমি তো বলব বাংলাদেশ এশিয়া কাপ জিতেই গিয়েছিল। আমরা সবাই জানি ওরা এমন কিছু পটেনশিয়াল প্লেয়ার পেয়েছে যারা নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে সক্ষম। সো এটা দেখে খুবই ভালো লেগেছে।’

























































