বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সংসদ নির্বাচনে অংশগ্রহণে ঋণখেলাপিদের জন্য সুযোগ বাড়ালো ইসি


সংসদ নির্বাচনে অংশগ্রহণে ঋণখেলাপিদের জন্য সুযোগ বাড়ালো ইসি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ঋণ ও বিলখেলাপিদের জন্য সুযোগ বাড়ালো নির্বাচন কমিশন (ইসি)। এজন্য ঋণ ও বিলখেলাপিদের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আয়কর রিটার্ন জমা দেয়ার বিষয়টি চূড়ান্তভাবে বাদ দিয়েছে ইসি। বুধবার সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আন্ত:মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ।

সচিব বলেন, এখন থেকে প্রার্থীদের আয়কর রিটার্ন জমা দিতে হবে না। আগে সকল প্রার্থীকে আয়কর রিটার্নি দেওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু এখন তা বাধ্যতামূলক নয়। যাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) আছে তারা দেবেন। আর যাদের নেই, তাদের দেওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, আমরা এটি বাধ্যতামূলক করার জন্য মন্ত্রিপরিষদে প্রস্তাবনা পাঠিয়েছিলাম। কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রস্তাবনা এসেছিল যে, দেশের অনেক কৃষকও নির্বাচনে অংশ নেন। তারা আয়করের বাইরে রয়েছেন। তাই নির্বাচনে সকলের সুযোগ নিশ্চিত করতে আয়কর রিটার্নি দেওয়ার বিষয়টি শিথিল করা হয়েছে।

ঋণখেলাপিদের বিষয়ে সচিব বলেন, আগে নির্বাচনে প্রার্থী হতে হলে ঋণখেলাপীদের মনোনয়নপত্র জমাদানের সাতদিন পূর্বে ঋণ পরিশোধের বিধান ছিল। এখন থেকে ঋণ পরিশোধ করেই প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ইতিমধ্যেই নির্বাচনী পরিবেশ ভালো রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে সন্ত্রাসী, মাদকসেবী যারা নির্বাচনকে ভুন্ডুল করতে পারে, তাদের গ্রেফতার করার জন্য। কবে থেকে তাদের গ্রেফতার করা হবে এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয় নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি