ডেস্ক রিপোর্ট: চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মুখোমুখি হওয়ার আগে দলটির দুই তারকা ফরোয়ার্ড নেইমার ও কিলিয়ান এমবাপেকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন নাপোলির কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ মনে করেন, ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি পর বিশ্ব ফুটবলে এরাই রাজত্ব করবেন।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে নাপোলির মাঠে বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি। পিএসজির মাঠে প্রথম লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। ‘সি’ গ্রুপে গুরুত্বপূর্ণ এই ম্যাচে পিএসজির চেয়ে ১ পয়েন্টে এগিয়ে থেকে মাঠে নামবে ইতালির ক্লাবটি।
এ বছরের ব্যালন ডি’অরের লড়াইয়ে অন্যতম ফেভারিট এমবাপে। আর ২০০৭ সালে ব্রাজিলিয়ান ফুটবলার কাকার পর রোনালদো ও মেসি ছাড়া এবারই প্রথম অন্য কারো বর্ষসেরার পুরস্কারটি জয়ের সম্ভাবনা জেগেছে। তবে এবার ফরাসি ফরোয়ার্ড যদি জিততে নাও পারেন, ভবিষ্যতে এক সময় পুরস্কারটি এমবাপে অবশ্যই জিতবেন বলে বিশ্বাস আনচেলত্তির। ‘সব পুরস্কার জেতা এই চ্যাম্পিয়নদের (রোনালদো ও মেসি) জায়গা নিতে সে একজন যোগ্য প্রতিযোগী। আমি মনে করি, রোনালদো ও মেসির উত্তরসূরি হতে পারে এমবাপে ও নেইমার।’
যদি এমবাপে এই বছর ব্যালন ডি’অর না জেতে, আগামী বছরগুলোতে কোনো সমস্যা ছাড়াই সে এটা জিতবে। সব দলই তাকে পাওয়ার স্বপ্ন দেখে। তিন ম্যাচে একটি জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে নাপোলি। ১ পয়েন্ট কম নিয়ে তিনে আছে পিএসজি। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

























































