শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ১০ ডিসেম্বরের মধ্যে বিনামূল্যে সকল বই পৌঁছে দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর


১০ ডিসেম্বরের মধ্যে বিনামূল্যে সকল বই পৌঁছে দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এবছরও ১লা জানুয়ারি প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। এটি নিশ্চিত করতে ইতোমধ্যে সকল ব্যবস্থা নেয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকায় মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী একথা বলেন।

সভায় বিনামূল্যের সকল বই ১০ ডিসেম্বরের মধ্যে পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বোর্ডের সকল সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বছরের শুরুতে প্রথম দিনে সকল পাঠ্য বই প্রদান বিশ্বে একটি অনন্য দৃষ্টান্ত। গত ১০ বছর ধরে বিনামূল্যে এই বই বিতরণ করা হচ্ছে। এমন উদাহরণ পৃথিবীতে বিরল। এ বই প্রদানের ফলে শিক্ষার্থীদের জন্য সময়মত বই পাওয়া এবং পড়াশুনা করার সুযোগ তৈরি হয়েছে। এটা দেশে-বিদেশে সর্বত্র প্রশংসিত হয়েছে। ঝরে পড়া অনেক কমেছে।

তিনি বলেন, নির্বাচনের বছর হওয়ায় এ বছরটা ব্যতিক্রমী। এবছরও যাতে জানুয়ারির এক তারিখে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া যায়, সেজন্য আমরা আগে থেকেই পরিকল্পনা নিয়ে কাজ করেছি। সময়মত বই তৈরি, ছাপানো ও পাঠানো বেশ ঝুঁকিপূর্ণ কাজ ছিল।

এ পরিকল্পনা অনুযায়ী এনসিটিবি সাফল্যের সাথে তাদের কার্যক্রম বাস্তবায়ন করেছে। নাহিদ বলেন, এবার প্রায় ৩৬ কোটি পাঠ্যবই বিতরণ করা হবে। এর মধ্যে ২১ কোটি বই ইতোমধ্যে জেলা-উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি