
ডেস্ক রিপোর্টঃরাজধানীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
ডিএমপির মিডিয়া সেন্টারের এডিসি ওবায়দুর রহমান জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫ হাজার ৩৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৩৫ গ্রাম হেরোইন, ১০ কেজি ১শ’ গ্রাম গাঁজা, ৫৬ বোতল ফেন্সিডিল, ৪০ লিটার দেশী মদ ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে।
এদিকে বাংলাদেশ কোস্ট গার্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার কোস্ট গার্ডের বিসিজি বেইস ভোলা কর্তৃক একটি বিশেষ অভিযানে ২৫পিস ইয়াবাসহ মো. আনোয়ার (২৬) নামের একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি ভোলার সদর থানার পাঙ্গাশিয়া (বাঘারবাজার) এলাকায়। পরে আনোয়ারকে ভোলা সদর থানায় সোপর্দ করা হয়।






















































