মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্যারিবীয়দের সামনে দাঁড়াতেই পারলো না বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ টেস্ট ও ওয়ানডে সিরিজে জয়লাভের পর বেশ আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে টি-টুয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল টাইগাররা। কিন্তু ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে ক্যারিবীয়দের সামনে দাঁড়াতেই পারেনি টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫৫ বল ও ৮ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ফলে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেলো সফরকারীরা।

সিলেটের নয়নাভিরাম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে রীতিমত বিপদে পড়ে বাংলাদেশ দল। দলীয় ৩০ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটসম্যান তামিম, লিটন ও সৌম্য। অধিনায়ক সাকিবের ব্যাটিং দৃঢ়তায় মাঝারি মানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। সাকিব দলীয় সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন।

টি-টুয়েন্টি ক্যারিয়ারের নবম অর্ধশতক পাওয়ার দিন ৪৩ বলে ৬১ রান করেন। যেখানে ২টি ছক্কা ও ৮টি চারের মার ছিল। এছাড়া মাহমুদউল্লাহ ১২ ও আরিফুল ১৭ রান করেন। বাকিদের মধ্যে আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। সবমিলিয়ে ১ ওভার বাকি থাকতেই ১২৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। শেলডন কটরেল ৪টি, কেমো পল ২টি এবং থমাস, ব্র্যাথওয়েট ও অ্যালেন একটি করে উইকেট নেন।

১৩০ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে রীতিমত ঝড় বইয়ে দিয়েছেন দুই ক্যারিবীয় ওপেনার এভিন লুইস ও শাই হোপ। ইনিংসের তৃতীয় ওভারেই দলীয় অর্ধশতক পার করে এ জুটি। ব্যক্তিগত ১৮ রানে লুইসকে ফেরান সাইফউদ্দীন। তাতেও কাজ হয়নি। শাই হোপের ব্যাটে এরপর শুরু হয় বিদ্যুৎ চমকানো। ১৫ বলে ব্যক্তিগত অর্ধশতক পার করেন। ২৩ বলে ৫৫ রান করে দলকে জয়ের ভিত গড়ে দিয়ে ফেরেন।

এরপর কেমো পল ও নিকোলাস পুরানের দুটি ‍বিধ্বংসী ইনিংসেই হেরে যায় বাংলাদেশ। ১৪ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৮ রানে অপরাজিত থাকেন কেমো পল। অন্যদিকে তার সঙ্গী পুরান ১৭ বলে ২৩ রানে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ১৩০ রান যখন পার করেন তখনও তাদের হাতে বাকি ছিল ৫৫টি বল! সাইফউদ্দীন ও মাহমুদউল্লাহ একটি করে উইকেট নেন। ৪ ওভারে ২৮ রানে বাংলাদেশের চারজন ব্যাটসম্যানকে ফেরানো শেলডন কট্রেলকে ম্যাচ সেরা নির্বাচন করতে কষ্ট হয়নি। সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ২০ ডিসেম্বর মিরপুরে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি