মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রথম দিনেই বড় রানের ইঙ্গিত ভারতের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৮


ডেক্স রিপোর্টঃ মেলবোর্নে ‘বক্সিং ডে’ টেস্টে প্রথম দিন শেষে ভারত ২ উইকেটে ২১৫। অপরাজিত রয়েছেন ভারতীয় ব্যাটিং অর্ডারে সবচেয়ে ভরসার দুজন পূজারা (৬৮*) ও কোহলি (৪৭*)।

আগের দুই টেস্টে দু’দলই একটি করে ম্যাচ জিতেছিল। যার ফলে মেলবোর্নে জয় পেতে এগিয়ে যাওয়ার এক দারুন লড়াইয়ে নেমেছে ভারত ও স্বাগতিক অস্ট্রেলিয়া। বক্সিং ডে টেস্টের প্রথম দিনের শুরুটা বেশ ভালোই করেছিল স্বাগতিকরা। কিন্তু দিন শেষে হাসিটা আর ধরে রাখতে পারেনি টিম পাইনরা। অভিষিক্ত মৈনাকের পর পূজারা আর কোহলির অনবদ্য ব্যাটিংয়ে প্রথম দিন শেষে ২ উইকেটে ২১৫ রান তুলেছে।

প্রথম দিনের শেষটা কিন্তু শুরুর মতো ছিল না। বরং দিনের শুরুতে অস্ট্রেলিয়াই আশা দেখেছে। ওপেনার হনুমা বিহারিকে (৮) দ্রুতই ফিরিয়েছেন প্যাট কামিন্স। দ্বিতীয় উইকেটে মৈনাক ও পূজারার ৮৩ রানের জুটিতে সেই আশার অপমৃত্যু ঘটে। অভিষেক টেস্টেই ৭৬ রান তুলে নিয়ে সেঞ্চুরি ছুঁতে গিয়েও শেষ পর্যন্ত ছোঁয়া হয়নি। কামিন্সের বলে ফিরতে হয়েছে তাকেও।

মেলবোর্নে এক অভিনব অভিজ্ঞতা হয়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। ব্যাট হাতে নামার সময় গ্যালারি থেকে দর্শকরা করতালির বৃষ্টি দিয়ে তাকে বরণ করেন। কিন্তু আজ মাঠে নামার সময় গ্যালারি থেকে কোহলি উপহার পেয়েছেন দর্শকদের দুয়োধ্বনি। কোহলির জন্য এই অভিজ্ঞতা একেবারে গা সওয়া না হলেও তা মেনে নিয়েই দুর্দান্ত ব্যাটিং করেছেন। আর এতেই সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়া।

মেলবোর্নে ‘বক্সিং ডে’ টেস্টে প্রথম দিন শেষে ভারত ২ উইকেটে ২১৫। অপরাজিত রয়েছেন ভারতীয় ব্যাটিং অর্ডারে সবচেয়ে ভরসার দুজন পূজারা (৬৮*) ও কোহলি (৪৭*)। তৃতীয় সেশনে দুজন কোনো উইকেট পড়তে না দিয়ে ৯০ রান যোগ করেছেন স্কোরবোর্ডে। মেলবোর্নের ব্যাটিং উপযোগী উইকেটে কাল এ দুজন কোথায় গিয়ে থামবেন কে জানে!

প্রথম দিনেই পূজারা আরেকটি ‘ম্যারাথন ইনিংস’ খেলার পথে- ২০০ বল মোকাবিলায় ৬ চারে রান করেছেন ৬৮। কোহলিও ৬টি চার মেরেছেন তবে পূজারার তুলনায় বল খেলেছেন প্রায় অর্ধেক (১০৭)। আর ব্যাটিংয়েও ছিল নান্দনিকতা। দেখেশুনে অস্ট্রেলিয়ান ফিল্ডিংয়ের দেয়াল ভেদ করে রান বের করেছেন দুজনেই। এতে প্রথম ইনিংসেই বড় স্কোরের স্বপ্ন দেখছে ভারত। কোহলি নিজেও হয়তো স্বপ্ন দেখছেন আর সেটি অবশ্যই জয়ের স্বপ্ন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি