ডেক্স রিপোর্টঃ ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দুই দলের ২৬৬ রান করতেই পড়েছে মোট ১৪ উইকেট। নিউজিল্যান্ড ১৭৮ রানে গুটিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কা ৪ উইকেটে ৮৮ রান তুলতেই দিন শেষ হয়েছে।
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টে যে পেসারদের দাপট থাকবে তা আগেই অনুমান করা হয়েছিল। মৃদুমন্দ ঠান্ডা বাতাসের সঙ্গে সবুজ উইকেট। পেসারদের ছড়ি ঘোরানোর জন্য এমন কন্ডিশনই তো চাই।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে এমন কন্ডিশন পেয়ে ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলেছেন দুই দলেরই পেসাররা। প্রথম দিনে দুই দলের ২৬৬ রান করতেই পড়েছে মোট ১৪ উইকেট। নিউজিল্যান্ড ১৭৮ রানে গুটিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কা ৪ উইকেটে ৮৮ রান তুলতেই দিন শেষ হয়েছে।
দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে ৮২ ওভার। এর মধ্যে আগে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে তুলতে পেরেছে মাত্র ১৭৮। তবে দিন শেষে কেন উইলিয়ামসনের দল কিন্তু হাসিমুখেই মাঠ ছাড়তে পেরেছে। শ্রীলঙ্কা বাকি ৩২ ওভার ব্যাটিং করে ৮৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে। তাই বলতেই হবে, হ্যাগলি ওভালের প্রথম দিনটা শুধুই পেসারদের। শ্রীলঙ্কার দুই পেসার সুরঙ্গা লাকমল ও লাহিরু কুমারা মিলে নিয়েছেন ৯ উইকেট। এর মধ্যে লাকমল একাই নিয়েছেন ৫ উইকেট।
দলীয় স্কোর ১০০ তোলার আগেই অলআউট হতে পারত নিউজিল্যান্ড। ৬৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিল দলটি। টপ অর্ডারে রাভাল, লাথাম, উইলিয়ামসন, টেলরদের সবাই ব্যর্থ। ৬৫ বলে ৬৮ রানের দুর্দান্ত এক ইনিংসে এখান থেকে নিউজিল্যান্ডের স্কোর দেড় শ-র ওপাশে নিয়ে যান পেসার টিম সাউদি! সপ্তম উইকেটে বিজে ওয়াটলিংয়ের (৪৬) সঙ্গে ১০৮ রানের জুটি গড়ে সাউদি বুঝিয়ে দেন ব্যাটিংটা তিনি ভালোই পারেন। টেস্টে এটি তার পঞ্চম ফিফটি। আসলে দিনটা যদি হয় পেসারদের তাহলে সেই কৃতিত্ব সাউদিরই বেশি।
শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নামার পর সাউদি ¯্রফে সুইংয়ে তছনছ করে দেন। ২১ রানের মধ্যে সফরকারি দলটির টপ অর্ডার গুঁড়িয়ে দেন সাউদি। তুলে নেন প্রথম তিন ব্যাটসম্যানকে। বাকি ১টি উইকেট কলিন ডি গ্র্যান্ডহোমের। অ্যাঞ্জেলো ম্যাথুস (২৭*) ও রোশান সিলভা (১৫*) মিলে শেষ পর্যন্ত প্রথম দিনটা পার করেছেন। সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল।

























































