ডেক্স রিপোর্টঃ দেখতে দেখতে ৩য় বছর হয়ে গেলো? বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক সৈয়দ শামসুল হক আমাদের ছেড়ে চলে গেছেন।
দেখতে দেখতে ৩য় বছর হয়ে গেলো? বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক সৈয়দ শামসুল হক আমাদের ছেড়ে চলে গেছেন। বিশ্বাস করতে কষ্ট হয়।
বেঁচে থাকলে আজ তাঁর ৮৩ বছর বয়স হতো। কিন্তু মরণশীলতার অনিবার্য টানে তিনি আজ আমাদের মধ্যে নেই। তাঁকে তাঁর ৮৩তম জন্মদিনে শ্রদ্ধাভরে স্মরণ করি।
সৈয়দ শামসুল হক শুধু বাংলাদেশের সাহিত্যে নয়, গোটা বাংলা সাহিত্যের প্রেক্ষাপটেই শব্দ, ভাষা, চিন্তা-চেতনা ও নির্মাণকৌশলের এক অনন্য কারিগর। তিনি অনন্য শুধু সাহিত্যের একটি বিশেষ ক্ষেত্রে নয়। যেখানেই তিনি হাত দিয়েছেন, সেখানেই ক্ষ্যাপার পরশপাথর খোঁজার মতো তিনি খুঁজে ফিরেছেন সেই অধরা-মাধুরীকে, যে এসেছে তাঁর কবিতায় উর্বশী হয়ে, গদ্যেপদ্যে ত্রিশ-চল্লিশের ধারাকে অতিক্রম করে। সৈয়দ হক তীব্র সাধনা ও একাগ্রতা নিয়ে সাহিত্যচর্চায় নিজেকে যেমন স্বতঃস্ফূর্ততার হাতে সমর্পণ করেছেন, তেমনি অত্যন্ত সচেতনভাবে প্রকৌশলীর মতো ক্রমাগত প্রয়াসের মধ্য দিয়ে নির্মাণ করেছেন এমন সব সাহিত্যসৌধ, যার বিস্ময়কর উপস্থাপনা কখনো কখনো অতিক্রম করে গেছে আমাদের ঐতিহ্যিক বিস্ময়কর স্থাপনাসমূহকেও। বিশেষভাবে কবিতায় তাঁর দক্ষতা নিয়ে যারা দ্বিধাগ্রস্ত ও নেতিবাচক মানসিকতায় ভিন্নতর বক্তব্য উপস্থাপনায় আগ্রহী, আমি তাদের দলে নই। কারণ আমি সৈয়দ হকের কবিতার মধ্যে খুঁজে পেয়েছি এমন সব রহস্যময় উচ্চারণ, যা কবিতার মৌলিক দাবিকে স্বীকার করেও হয়ে উঠেছে এক একটি হীরকখন্ড। তবে একজন লেখক যখন তাঁর সৃষ্টিকর্ম নিয়ে ধ্যানমগ্ন থাকেন, তখন তিনি ‘আমি একটি অসাধারণ কবিতা, গল্প, উপন্যাস বা নাটক লিখবো’ এই ধারণা নিয়ে বসেন না। তিনি বসেন সৃষ্টির স্বাভাবিক প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে, যা তাঁর হৃদয় এবং মস্তিষ্ককে নাড়া দিয়ে যায় তারই বাণীরূপ দিতে। একটি অসাধারণ সৃষ্টির জন্য কখনও কখনও সুদীর্ঘদিন অপেক্ষা করতে হয়। সৃষ্টি প্রতিদিনকার সূর্যোদয়ের মতো মনের আকাশে উঁকি দেয় না। প্রকৃত লেখক তাতে হতক্লান্ত হন না, বরং তিনি অপেক্ষা করেন সেই অমোঘ সময়ের জন্য, যাকে বলা যেতে পারে এক মহান মুহূর্ত। এই মহান মুহূর্তেই লেখক হয়ে ওঠেন দ্রষ্টা, ঋষি কিংবা স্রষ্টা। সৈয়দ শামসুল হক তারই এক অন্যন্য দৃষ্টান্ত।
আসলে সৈয়দ হক দুর্গাপ্রতিমা যেমন দশ হাতে দুর্গতিনাশ করার জন্য মানুষের মধ্যে আবির্ভূত হন, তেমনি সৈয়দ শামসুল হকও দশভূজ হয়ে বাংলাসাহিত্যের অঙ্গনে আবির্ভূত হয়েছেন। মানুষ হিসেবে হাত তাঁর দুটি।
কিন্তু যখন তিনি স্রষ্টা, তখন দশ হাতে তিনি লেখেন। তা না হলে একজন মানুষের পক্ষে একসঙ্গে এতো ধরনের সার্থক লেখা সৃষ্টি করা সম্ভব নয়।
অর্জুন দুই হাতে সমানভাবে তির নিক্ষেপ করে তাঁর লক্ষ্যস্থল নির্দিষ্ট করতে পারেন বলে তাঁকে ‘সব্যসাচী’ হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু সৈয়দ হক শুধু দু’হাতের লক্ষ্য শনাক্তকারী নন, তিনি দশ হাতের লক্ষ্য শনাক্তকারী বলে তাঁকে আমি চিহ্নিত করতে চাই ‘দশভুজ’ বলে। এর মধ্যে হয়তো খানিকটা অতিশয়োক্তি থাকতে পারে, তা হলেও এ-কথা আমি নিশ্চয়ই বলবো, ‘তাঁহার মতন আর কেহ নাই’।
মুশকিল হলো, আমাদের এখানে যারা কবিতা লেখেন, তাদের অধিকাংশই অন্তর্গতভাবে সাহিত্যের আলোচক বা সমালোচক নন। ফলে তারা কবিতা শনাক্তকরণে আবেগকে যে-ভাবে প্রশ্রয় দেন, তাতে কবিতা হয়ে ওঠে শুধুই চকমকি পাথরের দ্যুতি, যা কৃত্রিম এবং বিভ্রমসৃষ্টিকারী। তাই যারা শুধু কবিতাকে আবেগক্লিষ্ট ঘন আধারের পরিপ্রেক্ষিতে বিবেচনা করেন, তারা চোখের সামনে নকল কবিদের বেশি দেখতে পান, যারা কবিতার রহস্যময়তা এবং দর্শনের দিকটি উপেক্ষা করে শুধু বর্ণনামূলক কবিতাকে দলিল-দস্তাবেজের মতো পাঠ করে নিজের আনন্দে নিজেই আপ্লুত হন।
এই প্রবণতা আত্মঘাতী। এর ফলে গুরুত্বপূর্ণ প্রকৃত কবিতা গ্রহণযোগ্য না হয়ে গৃহীত হয় তরল কবিতা।
এটা সত্যি, সৈয়দ শামসুল হক লেখক হিসেবে মানুষের কাছ থেকে কম ভালোবাসা পাননি। কিন্তু সেটা যতোটা তাঁর নাটক, কাব্যনাটক বা গদ্যের জন্য, ততোটা পদ্য বা কবিতার জন্য নয়। অথচ কবিতায় তাঁর যে কাজ, বাংলাদেশে সে-কাজ এখন পর্যন্ত আর কেউই করতে পেরেছেন বলে আমার অন্তত মনে হয় না। অনেকে বলতে পারেন, কোনো কবিকে অন্য কবিদের সঙ্গে তুল্যমূল্যে বিচার করলে সকল কবিকেই উপেক্ষা করা হয়।
কিন্তু আমি তা মনে করি না। কারণ ‘সত্য যে কঠিন/কঠিনেরে ভালবাসিলাম/সে কখনও করে না বঞ্চনা’। রবীন্দ্রনাথের এই বিশ্বাসকে মনে রেখেই এখন সত্যি কথা বলার সময় হয়েছে।
জীবনানন্দ তাঁর জীবদ্দশায় গৌণ কবিদের কাছ থেকে সম্মান পাননি, কিন্তু সেই সব গৌণ কবি আজ কোথায়? ইতিহাসের রথের চাকায় তুলে এখন জীবনানন্দকেই পুজো করছেন প্রকৃত কবি এবং ভক্তরা। সৈয়দ শামসুল হক তাঁর অতিপ্রজ শক্তি দিয়ে সেই দুর্দশার হাত থেকে সম্পূর্ণ না বাঁচলেও কবিতার জগতেও তাঁর নির্বাণ লাভও যে অনিবার্য হয়ে উঠেছে, তা আমি নিশ্চিত করে বলতে পারি। তাঁর জন্মদিনে একথা কটি বলতে পেরে আমি গৌরবান্বিত।
























































