শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আ.লীগের নেতাকর্মীরা উজ্জীবিত উপজেলা নির্বাচন নিয়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ

আগামী মার্চে উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে ব্যাপক তোড়জোড় শুরু হলেও বিএনপির কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠেয় স্থানীয় সরকার পর্যায়ের এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ভীষণ উজ্জীবিত। সম্ভাব্য প্রার্থী থাকলেও এমপি পদে মনোনয়নবঞ্চিতরা এবার উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে অগ্রাধিকার দিতে পাবে।

দলের শীর্ষ নেতারা এমনটিই বলেছেন। স্থানীয় সরকার আইনে (উপজেলা পরিষদ) বলা রয়েছে, উপজেলা পরিষদ গঠনের পর প্রথম সভা থেকে ৫ বছর মেয়াদ সম্পন্ন হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। ২০১৪ সালে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত কয়েক ধাপে দেশের বিভিন্ন উপজেলায় সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই হিসাব অনুসারে যেসব উপজেলা পরিষদের মেয়াদ আগে পূর্ণ হবে, প্রথম পর্যায়ে সেসব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপি উপজেলা নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। গত শুক্রবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি। তবে বেশিরভাগ নেতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতার আলোকে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখিয়েছেন।
২০ দলের শরিক জামায়াতে ইসলামীকে উপজেলা নির্বাচনেও ধানের শীষ প্রতীক দেয়া হলে জোটবদ্ধভাবে নির্বাচনে না যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরাম। বিএনপিসহ দুই জোটের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, উপজেলা নির্বাচন নিয়ে দলীয় ফোরামে এখনও আলোচনাই হয়নি। জাতীয় নির্বাচনে সারা দেশের অনিয়ম ও কারচুপির তথ্য সংগ্রহ করা হচ্ছে। আপাতত সেগুলো নিয়ে পর্যালোচনা চলছে। স্থায়ী কমিটির অপর সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, বিএনপি উপজেলা নির্বাচনে যেতে পারে। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তফসিল ঘোষণার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

আওয়ামী লীগের কয়েকজন নীতিনির্ধারক নেতা বলেছেন, কেন্দ্রীয়ভাবে প্রস্তুতি শুরু না হলেও দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় চার যুগ্ম সাধারণ সম্পাদক এবং আট সাংগঠনিক সম্পাদক উপজেলা নির্বাচনের কার্যক্রম গুছিয়ে আনবেন। পরে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের নেতাদের মতামত নেওয়া হবে। প্রার্থী চূড়ান্ত করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা মনে করেন, নিজেদের রাজনীতির মাঠে টিকিয়ে রাখতেই বিএনপিকে উপজেলা নির্বাচনে আসতে হবে। এ ছাড়া তাদের আর কোনো পথ নেই। তাই এখন মুখে যাই বলুক না কেন ভোটের মাঠে ঠিকই আসবে। এ জন্য নিজেদের প্রস্তুতিটাও জোরালোভাবেই নিচ্ছেন ক্ষমতাসীন দলের নেতারা। জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আমি উপজেলা নির্বাচনে অংশ নেয়ার পক্ষে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি।

জামায়াত নেতাদের ধানের শীষ প্রতীক দিলে গণফোরামের ‘না’ : এদিকে ঐক্যফ্রন্টের শরিক দল ড. কামাল হোসেনের গণফোরাম আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেবে কিনা এখনও সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে ঐক্যফ্রন্টের প্রধান শরিক বিএনপির সঙ্গেও এখন পর্যন্ত আলোচনা হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, উপজেলা নির্বাচনের বিষয়ে একটি সিদ্ধান্তে তো আসতেই হবে। আমার সৌভাগ্য যে, ঐক্যফ্রন্টের নেতারা সবাই ঐকমত্যের ভিত্তিতে সব সিদ্ধান্ত নেয়। উপজেলা নির্বাচনের বিষয়ে তফসিলের আগেও ঐক্যফ্রন্টের বৈঠক হতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি