ডেক্স রিপোর্টঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে শুধু আগামি ৫ বছরের কর্মপরিকল্পনা নয়, ২০২১ এবং ২০৪১ সনের কর্মপরিকল্পনাগুলোও শোনাবেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী ময়দানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ বিজয় সমাবেশ মহাসমুদ্রে পরিণত হবে বলেও প্রত্যাশার কথা জানান নানক।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরংকুশ বিজয় উদযাপনে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। দলের হেট্রিক বিজয়কে স্মরণীয় করে রাখতে এ আয়োজন জানিয়ে নেতারা বললেন, এতে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নসহ ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আগামি দিনের বাংলাদেশ কীভাবে পরিচালিত করা হবে, ঐতিহাসিক সোহরাওয়ার্দি ময়দান থেকে সেরকমই হয়তো দেশবাসীকে তিনি বার্তা দেবেন। সমাবেশকে সফল করতে ঢাকায় ব্যাপক জনসমাগম ঘটাতে আলাদা আলাদা সভা করেন দলটির সহযোগী সংগঠনগুলোর নেতারা।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, একটি কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে আসছেন প্রধানমন্ত্রী। তার ভাষণের মধ্যে সেই বিষয়গুলো স্পষ্ট হবে। আমরা যুবসমাজ উজ্জীবিত হবো।
























































