বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ইউএইতে আর্ন্তজাতিক নৌ মহড়ায় যোগ দিচ্ছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ধলেশ্বরী


ইউএইতে আর্ন্তজাতিক নৌ মহড়ায় যোগ দিচ্ছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ধলেশ্বরী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৯


ডেক্স রিপোর্টঃ নৌ মহড়ায় অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘বিএনএস ধলেশ্বরী’ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাগেরহাটের দিগরাজের বিএনএস মোংলার নৌঘাঁটি ত্যাগ করেছে।

বিএনএস মোংলা নৌঘাঁটির এরিয়া কমান্ডার (কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট) কমোডর এস. এম মনিরুজ্জামান এর আগে যুদ্ধ জাহাজ ও নাবিকদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সকলের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি জাহাজটিকে বিদায় জানান। এ সময় নৌবাহিনীর বাদকদল বাদ্যযন্ত্র বাজিয়ে সহকর্মীদের বিদায় শুভেচ্ছা জানায়। বিদেশে পাড়ি জমানো নাবিকদের বিদায় অনুষ্ঠানে নৌ বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা, জাহাজের কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনএস ধলেশ্বরী যুদ্ধ জাহাজটি আগামী ১৩ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য নৌ সমরাস্ত্র প্রদর্শনী, আর্ন্তজাতিক কনফারেন্সসহ নৌ মহড়ায় অংশ নেবে। আন্তর্জাতিক এ মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ১৩টি দেশের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ, বিশ্বখ্যাত ১১শটি নৌ সমরাস্ত্র কোম্পানী, নৌ পর্যবেক্ষক ও নৌ সমর বিশারদসহ প্রায় ১ লাখ দর্শনার্থী অংশগ্রহণ করবে।

মহড়া শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে নৌবাহিনীর এ যুদ্ধ জাহাজটিতে থাকা ১৮২ জন নৌসেনাসহ কর্মকর্তারা আগামী ১৩ মার্চ দেশে ফেরার কথা রয়েছে।

এই যুদ্ধ জাহাজটির এ মহড়ায় অংশ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকেরা পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের সঙ্গে সামরিক সুসম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি