
ডেক্স রিপোর্টঃ পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সাগরে গোসল করতে নেমে পানিতে ডুবে আলী আকবর (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় সাগরে ডুবে যাওয়া দুই পর্যটককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত পর্যটক পিরোজপুরের সুজন ও ঢাকার গাজীপুরের আয়েশা আক্তারকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টায় কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট সৈকতে এ ঘটনা ঘটে। নিহত পর্যটক আলী আকবর পিরোজপুর সদর উপজেলার বাইজোড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর থেকে শুক্রবার সকালে ৭০ জন পর্যটক কুয়াকাটায় পিকনিকে আসে। ওইদিন বেলা সাড়ে ১২টার দিকে আলী আকবরসহ তার সঙ্গীরা সাগরে গোসল করতে নামে। সাগরের জোয়ারের টানে আলী আকবর ও সুজন ভেসে যায়। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা সুজনকে তাৎক্ষনিক উদ্ধার করতে পারলেও সাগরে ভেসে যায় আলী আকবর।
সাগরে পর্যটক ভেসে গেছে খবর পেয়ে প্রায় আধাঘন্টা পর কুয়াকাটার পশ্চিম সৈকত থেকে আলী আকবরকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
একই সময়ে সাগরে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যায় গাজীপুরের পর্যটক আসমা আক্তার। স্থানীয় ট্যুরিস্ট বোর্ডের চালকরা তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করেছে।
কুয়াকাটা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বেল্লাল জানান, ‘আলী আকবরকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। অপর দুইজন এখন চিকিৎসাধীন।’
কলাপাড়ার মহিপুর থানার ওসি সাইদুল ইসলাম জানান, ‘নিহত পর্যটকের পরিবারকে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে লাশ ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হবে।’
কুয়াকাটায় পর্যটকের মৃত্যুর ঘটনায় শুক্রবার কুয়াকাটায় ভ্রমনে আসা কয়েকশ পর্যটকের মধ্যে শোকের ছায়া নেমে আসে।






















































