বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কোন্দলের কারণেই বিএনপি ভাঙবে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ বিএনপি তাদের অভ্যন্তরীণ কোন্দলেই ভাঙবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপিকে অবশ্যই আমরা দুর্বল দল ভাবি না। কিন্তু তারা তাদের কর্মকাণ্ডে দলটিকে এলোমেলো, লেজেগোবরে করেছে। গতকাল রাজধানীর একটি হোটেলে ‘এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

বিএনপি অভিযোগ করেছে, সরকার নিরন্তরভাবে বিএনপিকে ভাঙার চক্রান্ত করেই যাচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেখুন, বিএনপির যা পারফরমেন্স, নির্বাচনে-আন্দোলনে তাতে সরকারের এমন কি প্রয়োজন আছে? বিএনপির এখন যে নড়বড়ে, এলোমেলো অবস্থা, এরকম একটা দলকে ভেঙে দিতে হবে।

তিনি বলেন, এই অবস্থায় বিএনপি যদি ভাঙনের মুখে যায়, তাহলে বিএনপির ঘরোয়া কলহ-কোন্দলের জন্যই বিএনপি ভাঙবে। আমাদের কোনো প্রয়োজন নেই বিএনপিকে ভেঙে ফেলার। বিএনপির মধ্যে ভাঙন শুরুর ইঙ্গিত দিয়ে ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যে তাদের নেতারা ভিন্ন ভিন্ন সুরে কথা বলছেন। তাদের নিজেদের মধ্যেই ভাঙনের সুর।

যাদের নিজের ঘরেই শত্রু, তাদের সঙ্গে শত্রুতা করার জন্য বাইরের শত্রুর কোনো প্রয়োজন আছে বলে কেউ মনে করে না। আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নিত্যদিন যদি তাদের অফিসে লক্ষ্য করেন তাহলে দেখবেন, একে অন্যকে হাতাহাতি, সরকারের দালাল বলা, এসব তাদের নিত্যদিনের চিত্র।

এসময় ঐক্যফ্রন্ট থাকবে না বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ঐক্যফ্রন্ট একটা জগাখিচুড়ি। এই জগাখিচুড়ি ঐক্য থাকবে না, এটা সবাই জানে। তারা নিজেরা কলহ-কোন্দলে জর্জরিত। এই অবস্থায় তাদের নিজেদের সঙ্গে শত্রুতা করার জন্য তারা নিজেরাই যথেষ্ট।ওবায়দুল কাদের বলেন, আমরা তো একটা স্ট্রং অপজিশন (শক্তিশালী বিরোধী দল) চাই। তারা সংসদে আসুক এটাও আমরা চাই।

যে কজনই আছে, যে নাম্বার সংসদ সদস্য তারা নির্বাচিত হয়েছে। আমরা তো তাদের স্বাগত জানিয়েছি সংসদে আসতে। ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে। জাতীয় সংসদে তারা বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে। ক্ষমতাসীদের দলের এই নেতা বলেন, বিএনপি না আসলে ইতিমধ্যে তো জাতীয় পার্টি অপজিশনের ভূমিকায় চলে গেছে। ১৪ দলের যারা সংসদে আছেন, তারাও সিদ্ধান্ত নিয়েছেন,স্ট্রং অপজিশনের ভূমিকায় তারা থাকবেন। কাজেই বিরোধী দল থাকবেই। তার পরও যদি বিএনপি আসে তাহলে আরও কণ্ঠ যোগ হবে। অপজিশনের কণ্ঠ সোচ্চার হবে। সেটা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো তো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি