সংসদ নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার পর আবারো নির্বাচনে যাওয়া আত্মঘাতি হবে বলে মনে করছেন বিএনপির নেতারা। সিটি কর্পোরেশন এবং উপজেলা পরিষদ নির্বাচনে না যাওয়ার এই সিদ্ধান্তকে ইতিবাচক বলেই মনে করেন দলটির কেন্দ্র থেকে তৃণমূলের সকল নেতারা।
কেন্দ্রীয় নেতাদের মতে, পরিস্থিতি বিবেচনা করে দায়িত্বশীলরা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। তাছাড়া দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের তিক্ত অভিজ্ঞতাও হয়েছে দলটির।
তৃণমূল নেতাকর্মীরা বলছেন, বাস্তবতা বিবেচনা করে যর্থাথই সিদ্ধান্ত নিয়েছে দলের স্থায়ী কমিটির সদস্যরা। তাদের মতে এই সরকারের অধীনে নির্বাচনে গেলে বিএনপির জন্য আত্মঘাতি হবে। তাছাড়া নির্বাচনে গেলেও যা; না গেলেও তা। ক্ষমতাসীনদের কারচুপির কারণে ভোট দেয়ার সুযোগ থাকছে না জনগণের। আর মাঠে নামলে জড়ানো হবে নতুন নতুন মামলায়। হামলা করা হবে নেতা-কর্মীদের ওপর।
কর্মসূচি দিয়ে নেতারা মাঠে না থাকা, তৃণমূল নেতাকর্মীদের খোঁজখবর না রাখাসহ নানাবিধ কারণেই দূরত্ব সৃষ্টি হয়েছে দলটির কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্র। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন ও ক্ষমতাসীন দলের ধরপাকড় ছিল সত্য; কিন্তু এর বিপরীতে বিএনপির মেরুদণ্ডহীন সাংগঠনিক চিত্র ধরা পড়েছে সবার চোখেই। যার চূড়ান্ত পরিণতি এবারের নির্বাচনে দেখা গেছে। কোথাও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি দলটি। সব মিলিয়ে লেজেগোবরে অবস্থা বিএনপির।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে এখন কোনো নির্বাচনেরই গ্রহণযোগ্যতা নেই। জনগণের কাছে আগে নির্বাচনটিকে সকলের কাছে গ্রহণযোগ্য হিসেবে আসতে হবে। তাছাড়া নির্বাচনে যাওয়া অহেতুক বলে মনে করেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিস উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, বর্তমান সরকার যত দিন ক্ষমতায় আছে ততদিন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণ ভোট কেন্দ্রে যাবে না। ভয়াবহ ভোট ডাকাতি দেখে আমরাও সকল নির্বাচন করার আগ্রহ হারিয়ে ফেলেছি।
এদিকে আগামী দিনে রাজপথের বিরোধী দল হিসেবে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে দলকে সাংগঠনিকভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাছাড়া দলের প্রক্রিয়ার অংশ হিসেবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির শূন্যপদগুলো পূরণের উদ্যোগ নেয়া হয়েছে। তবে এই উদ্যোগ কতটা সফলতার মূখ দেখবে সেটায় দেখার বিষয়।























































