মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » কোপা আমেরিকায় মেসিকে আর্জেন্টিনা দলে দেখতে চান ব্রাজিলের কোচ তিতে


কোপা আমেরিকায় মেসিকে আর্জেন্টিনা দলে দেখতে চান ব্রাজিলের কোচ তিতে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৯

স্পোর্টস ডেস্কঃ

চলতি বছরের জুন-জুলাইয়ে ব্রাজিলে বসবে কোপা আমেরিকার আসর। এর আগেই লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন বলে আশাবাদী আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তাছাড়া ওই টুর্নামেন্টে মেসিকে দলে দেখতেও চান স্কালোনি। শুধু তাই নয়, ব্রাজিলের কোচ তিতেও চান কোপায় খেলতে আর্জেন্টিনা দলের হয়ে ব্রাজিলে আসুক মেসি।

গত বছর রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে হারের পর আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি মেসি। আন্তর্জাতিক ফুটবলে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতিতে আছেন বার্সেলোনা তারকা।

কোপা আমেরিকার আগে আগামী ২৫ মার্চ ভেনেজুয়েলার সঙ্গে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ দুই বারই ফাইনালে হারতে হয়েছে তাদের। ২০১৫ ও ২০১৬ সালের দুটি ফাইনালেই পেনাল্টি শুট আউটে জয় পায় চিলি।

পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে ফেরাতে সঠিক সময়ে আলোচনায় বসবেন বলে কোপা আমেরিকার ড্র অনুষ্ঠানে সাংবাদিকদের জানান স্কালোনি। ‘মার্চে ভেনেজুয়েলা ম্যাচের জন্য দল ঘোষণার আগে আমরা লিওর সঙ্গে কথা বলব। সঠিক সময় এলেই আমরা কথা বলব। আমি আশা করি, সে এখানে থাকতে পারে। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার, আমরা তাকে সুখী দেখতে চাই।’

চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কোচ তিতেও চাইছেন কোপা আমেরিকায় আর্জেন্টিনা দলে থাকুন মেসি। তিতে বলেন ‘আমি চাই মেসি ও সব সেরা খেলোয়াড়রাই ব্রাজিলে আসুক। সেরা হতে একটি দলকে প্রতিযোগিতা করে জিততে হবে এবং উঁচু মাপের প্রতিপক্ষকে হারাতে হবে। আর সেজন্যই আমরা প্রত্যাশা করি যে নেইমার, মেসি, চিলির আলেক্সিস সানচেস ও উরুগুয়ের লুইস সুয়ারেসদের মতো খেলোয়াড়রা ব্রাজিলে আসবে।’

২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে হারের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছিলেন মেসি। পরে অবসর ভেঙে ফিরে আসেন তিনি। দলকে রাশিয়া বিশ্বকাপে তুলতে বাছাইপর্বে রাখেন বড় অবদান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি